রুপালি দুনিয়ার তারকাদের গ্ল্যামারে আকৃষ্ট হন অনেক সাধারণ মানুষ। এমনও শোনা যায়, অনেক পুরুষ তো আবার প্রেমিকা বা স্ত্রীর মধ্যে স্বপ্নের নায়িকাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে! কিন্তু অভিনেত্রী সোনম বাজওয়ার এক ভক্ত ঠিক এই কারণেই প্রেমিকার সঙ্গে বাগ্দান ভেঙে দিয়েছিলেন। তারপর কী ঘটেছিল?
সম্প্রতি সোফি চৌধুরীর সঞ্চালনায় ‘ফেমাসলি ফিট উইথ সোফি’-তে এসে সেই ঘটনার কথাই বললেন সোনম। সেলিব্রিটি ইমেজ কীভাবে কারও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে এই ঘটনা যেন তারই প্রমাণ। এক সাধারণ সাবেক প্রেমিকযুগলের সম্পর্ক ভাঙার নেপথ্যে কীভাবে জড়িত অভিনেত্রী সোনম বাজওয়া?
স্মৃতিচারণা করে বলেন, ‘একদিন এক তরুণী আচমকা আমার সামনে এসে প্রশ্ন করেন, আপনি কি সোনম বাজওয়া? আমি হ্যাঁ বলতেই ওই তরুণী বলেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জন্যই আমার বাগ্দান ভেঙে গিয়েছে।’
কথাটা শুনে কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় ছিলেন না সোনম, পুরো হতবাক। কিন্তু ওই তরুণী ঝড়ের গতিতে নিজের কথা বলেই যাচ্ছেন। অভিযোগ জানানোর পরক্ষণেই আবার সুর নরম করে বলেন, ‘আমি এখন খুব খুশি। ওই ছেলেটার সঙ্গে বাগ্দান ভেঙে দিয়েছিলাম, কারণ ও আপনার প্রতি অতিরিক্ত আসক্ত ছিল এবং সব সময় বলত আমি যেন আপনার মুখের আদলে নিজেকে নতুন করে গড়ে তুলি। শারীরিক গঠনও যেন আপনার মতোই হয়। এটা আমার জন্য খুবই কঠিন কাজ ছিল। সে জন্যই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। এখন আমি যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করেছি সে আমাকে খুব ভালোবাসে।’
এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি শুনে বাজওয়া ওই তরুণীর জন্য খুশি হয়েছিলেন এবং তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সোনম বাজওয়া। ২০১২ সালে ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করে প্রথমবার লাইমলাইট কেড়েছিলেন। সেই বছরই ‘বেস্ট অব লাক’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ।
এরপর ‘পাঞ্জাব ১৯৮৪’-এ সোনমের অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। পরবর্তীতে ‘নিক্কা জেইলদার’, ‘সর্দারজি’ ও ‘ক্যারি অন জাট্টা ৩’-এর মতো ছবিতে সুযোগ পেয়ে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন সোনম বাজওয়া। আঞ্চলিক সিনেমার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ছবিতেও কাজ করেছেন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে