শাহরুখ খান
শাহরুখ খান

কীভাবে এত টাকার মালিক হলেন শাহরুখ

বলিউডের তারকা হিসেবেই নয়, ব্যবসায়ী হিসেবেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহরুখ খান। সাম্প্রতি এক পডকাস্টে তাঁর সম্পদ বাড়ার কৌশল নিয়ে মুখ খুলেছেন সেলিব্রিটি অর্থ ব্যবস্থাপক দীপক হিরো বাজিরানি। তাঁর দাবি, ১৮ কোটিতে কেনা মুম্বাইয়ের ‘মান্নাত’-এর বর্তমান মূল্য প্রায় ৩০০ কোটি রুপি। আর শাহরুখের সহমালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মূল্য বেড়েছে ৪০ থেকে ৫০ গুণ।

বিলিয়নিয়ার অভিনেতা
২০২৫ সালের ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি, প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল সম্পদের জোরে তিনি বিশ্বের একমাত্র অভিনেতা, যিনি বিলিয়নিয়ারের তালিকায় জায়গা করে নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীপক বাজিরানি বলেন, ‘শাহরুখ খান শুধু তারকা নন, তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ী। তিনি পড়াশোনা করেন, বাজার বোঝেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেন। একেক যুগে একজনই এমন হন।’

‘মান্নাত’ থেকে কেকেআর-দূরদর্শী বিনিয়োগ
মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখের বাসভবন ‘মান্নাত’ একসময় ১৮ কোটিতে কেনা হয়েছিল। এখন তার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি, যা রিয়েল এস্টেট বিনিয়োগে তাঁর দূরদর্শিতার প্রমাণ।

অন্যদিকে ২০০৮ সালে আইপিএল শুরুর সময় যে দামে কেকেআর দলটি কেনা হয়েছিল, আজ তার মূল্য ৪০ থেকে ৫০ গুণ বেড়েছে বলে দাবি বাজিরানির। বিনোদনের বাইরে ক্রীড়া ব্যবসায় প্রবেশ করে শাহরুখ যে বড় ঝুঁকি নিয়েছিলেন, সেটিই এখন তাঁর সম্পদ বাড়ার অন্যতম প্রধান ভিত্তি।

শাহরুখ খান। এএফপি

পরিকল্পিত সাম্রাজ্য
শুধু সিনেমা নয়, প্রযোজনা সংস্থা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্যবসা—সব মিলিয়ে শাহরুখ গড়ে তুলেছেন বহুমাত্রিক সাম্রাজ্য। সম্প্রতি আরেক নির্মাতা করণ জোহর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কীভাবে কেকেআর গড়ে তুলতে শাহরুখ দীর্ঘমেয়াদি ভাবনায় এগিয়েছিলেন।

অর্থ ব্যবস্থাপক বাজিরানির মতে, শাহরুখের সাফল্য কাকতালীয় নয়; এটি সুপরিকল্পিত ও কৌশলগত সিদ্ধান্তের ফল। তাঁর বিনিয়োগের ধরন, ঝুঁকি নেওয়ার সাহস এবং ব্র্যান্ড ভ্যালু তৈরির ক্ষমতাই তাঁকে আলাদা করেছে।

তারকা থেকে করপোরেট শক্তি
দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান। তবে পর্দার বাইরেও যে তিনি সমান দক্ষ, তা এখন পরিষ্কার। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও সময়োপযোগী সিদ্ধান্ত তাঁকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।
বলিউডে অনেক তারকার সম্পদ রয়েছে, কিন্তু বিলিয়নিয়ারের কাতারে একমাত্র নাম শাহরুখ খান—এটাই তাঁকে আলাদা করে দেয়। তাঁর পথচলা এখন শুধু বিনোদন–দুনিয়ার নয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এক অনুপ্রেরণার গল্প।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে