অনুরাগ ডোভাল
অনুরাগ ডোভাল

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা বিগ বস প্রতিযোগীর, এরপর যা হলো

‘আর কাউকে ফোন করার নেই, চলো শেষ রাইডে যাই’—ইনস্টাগ্রাম লাইভে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে কথাগুলো বলেই নিজের গাড়ির গতি বাড়িয়ে দেন জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস ১৭’-এর সাবেক প্রতিযোগী অনুরাগ ডোভাল। কিছুক্ষণ পরই সব অন্ধকার, থেমে যায় লাইভ, দিল্লির এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অনুরাগকে। পুরো ঘটনায় স্তম্ভিত নেটপাড়া। এভাবেই আত্মহত্যার চেষ্টা করেন অনুরাগ। সর্বশেষ খবর অনুযায়ী এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

অনুরাগ ডোভাল

পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপ
দুর্ঘটনার কয়েক দিন আগে থেকেই অনুরাগ তাঁর মানসিক বিপর্যয়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছিলেন। ‘লাস্ট মেসেজ’ শিরোনামের একটি ভিডিওতে বিস্ফোরক অভিযোগ আনেন নিজের পরিবারের বিরুদ্ধে। অনুরাগের দাবি, অন্য জাতে বিয়ে করার অপরাধে তাঁর বাবা-মা তাঁকে ও তাঁর স্ত্রীকে মেনে নেননি। বিয়ের আগে তাঁকে আত্মীয়দের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল, যা তাঁকে চরম অপমানের দিকে ঠেলে দেয়।
যদিও তাঁর বিয়ে টেকেনি। বিচ্ছেদ এবং পরিবারের অসহযোগিতায় তিনি দীর্ঘদিন ধরেই আত্মহত্যার চিন্তা করছিলেন।

ভাইয়ের পাল্টা অভিযোগ
তবে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁর ভাই কলম ডোভাল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেছেন, অনুরাগ সত্য গোপন করছেন। তাঁর অভিযোগ, অনুরাগ তাঁর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং শারীরিক হেনস্তা করেছিলেন, যার কারণেই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান।


দুর্ঘটনার সেই মুহূর্ত
শনিবার রাতে দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে লাইভ চলাকালীন অনুরাগের গাড়ির স্পিডোমিটারে গতি দেখাচ্ছিল ১৪০-১৫০ কিমি প্রতি ঘণ্টা। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘মা, যদি পরের জন্মে আসি, শুধু একটু ভালোবাসা দিয়ো।’ এর পরেই ‘গুডবাই’ জানিয়ে গাড়িটি ডিভাইডারে আছড়ে ফেলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা দ্রুত গাড়ি থেকে তাঁকে বের করে আনলে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়।

অনুরাগ ডোভাল

উদ্বিগ্ন ভক্ত ও সহকর্মীরা
‘বিগ বস ১৭’-এর এই সাবেক প্রতিযোগীর জন্য সরব হয়েছেন বিনোদনজগতের অনেকেই। অভিনেতা প্রিন্স নারুলা ট্রোলারদের ধিক্কার জানিয়ে লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত তাঁদের যারা ওর এই অবস্থাতেও মশকরা করছে।’ অভিষেক কুমার জানিয়েছেন, তিনি দুদিন ধরে অনুরাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অনুরাগের ম্যানেজার রোহিত পান্ডে ভক্তদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে