‘ব্রহ্মাস্ত্র ২’ মুক্তিতে দেরির কারণ জানালেন পরিচালক

‘ব্রহ্মাস্ত্র’ আলিয়ার জন্য আরও বিশেষ কিছু
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

গত বছর বলিউডে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমা মুক্তির আগে থেকেই জানা ছিল, এই সিনেমার দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি আসবে। প্রথম সিনেমার মতো পরবর্তী ছবিগুলোও সময় নিয়ে নির্মাণ করছেন পরিচালক অয়ন মুখার্জি। এত সময় কেন লাগছে এবং পরবর্তী সিনেমাগুলো কবে আসবে, তা জানান পরিচালক। খবর ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর।

২০২২ সালে ছিল বলিউডের মন্দার বছর। দক্ষিণি সিনেমার সঙ্গে পাল্লা দিতে পারছিল না বলিউড। একের পর এক ফ্লপের মিছিলে বলিউডের যে ছবি কিছুটা মান রেখেছিল, সেটি হলো রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। পরিচালক এই সিনেমা নির্মাণ করতে সময় নিয়েছেন দীর্ঘ ছয় বছর। বক্স অফিসে এর ফলও পেয়েছিলেন তিনি।

সিনেমা সফল হলেও ছোটখাটো অনেক সমালোচনাও ছিল। আর সেসব সমালোচনা মাথায় নিয়ে পরবর্তী সিনেমা নির্মাণ করছেন তিনি।

‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে সবচেয়ে বড় সমালোচনা ছিল, ছবির সংলাপ দুর্বল। তাই পরের দুটি ভাগে যেন কেউ এই সমালোচনা করতে না পারেন, সে জন্য চিত্রনাট্য লিখতে সময় লাগছে। শক্তিশালী চিত্রনাট্য নিয়ে হাজির হবে ‘ব্রহ্মাস্ত্র’র পরের দুটি ভাগ।

‘ব্রহ্মাস্ত্র’–এর একটি দৃশ্যে অমিতাভ বচ্চন

একসঙ্গে এই দুটি ভাগের শুটিং শেষ হবে। তাই একসঙ্গে চিত্রনাট্য লিখতেও অনেক সময় লাগবে। পরিচালকের ভাষ্যমতে, ২০২৬ সালে পর্দায় আসবে ‘ব্রহ্মাস্ত্র ২’। নিউজ ১৮-এর একটি অনুষ্ঠানে এ কথা বলেন অয়ন।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেট থেকে প্রেম, তারপর পরিণয় হয়েছিল সিনেমার জুটি রণবীর-আলিয়ার। সিনেমা মুক্তির আগেই তাঁরা সাত পাকে বাঁধা পড়েছিলেন। কিছুদিন আগে তাঁদের সংসার আলো করে আলিয়ার কোলজুড়ে এসেছে তাঁদের প্রথম সন্তান।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম অংশের মতো পরবর্তী অংশে তাঁরা থাকলেও দর্শকের জন্য রয়েছে অনেক চমক। শোনা যাচ্ছে, সিনেমার পরবর্তী অংশগুলোয় যুক্ত হতে পারেন ‘কেজিএফ’ ছবিখ্যাত দক্ষিণি তারকা যশ। এ ছাড়া রণবীর সিং, দীপিকা পাড়ুকোনকেও দেখা যেতে পারে। তবে কেউই নিশ্চিত নন। সিনেমার শুটিং শুরু হলেই দেখা যাবে, পরিচালক কী চমক রেখেছেন দর্শকের জন্য।