
২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিকুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। গতকাল শনিবার রাতে ট্রেলার মুক্তির পর থেকেই অনলাইনে চলছে সিনেমাটি নিয়ে আলোচনা।
গতকাল কোচিতে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক জানান, এবার আগের দুই ছবির তুলনায় গল্পের ধরনই বদলে গেছে। অন্যদিকে মোহনলাল মজা করেই ইঙ্গিত দিলেন, শুধু তৃতীয় নয়, ভবিষ্যতে চতুর্থ ও পঞ্চম কিস্তিও আসতে পারে।
প্রথম দুই ছবিতে দর্শক দেখেছেন, কীভাবে নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন জর্জকুট্টি। এক ভয়ংকর অপরাধের পর পুলিশ ও মৃত ছেলেটির পরিবার থেকে বাঁচতে নানা বুদ্ধি খাটান তিনি। কিন্তু ‘দৃশ্যম ৩’-এ পরিস্থিতি আরও জটিল।
পরিচালক জিতু জোসেফ বলেন, ‘প্রথম ও দ্বিতীয় অংশের সঙ্গে তৃতীয় অংশের সবচেয়ে বড় পার্থক্য হলো এবার জর্জকুট্টি জানেনই না, কে তাঁর পেছনে লেগেছে।
আগের দুই ছবিতে তিনি জানতেন পুলিশ ও মৃত ছেলেটির পরিবার তাঁকে অনুসরণ করছে। কিন্তু এবার তিনি বুঝতেই পারছেন না, কে তাঁকে তাড়া করছে।’
তবে এখানেই সব রহস্য ফাঁস করতে চাননি পরিচালক। তাঁর ভাষায়, ‘আমি এটা বলছি না যে ছবিতে চমকে দেওয়ার মতো কিছু থাকবে না।’ অর্থাৎ এবারও দর্শকদের জন্য অপেক্ষা করছে বড় ধরনের মোড়।
অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনায় আসে মোহনলালের মন্তব্য। জর্জকুট্টির চরিত্রে অভিনয় করা এই তারকা জানান, গল্প এখানেই শেষ হচ্ছে না।
মোহনলাল বলেন, ‘আমি বহুবার বলেছি জর্জকুট্টিকে বাঁচিয়ে রাখতে। কিন্তু সে এখনো পুরোপুরি বাঁচেনি। তাই আপনারা “দৃশ্যম ৪”-এর আশা করতেই পারেন।’
এরপর হাসতে হাসতেই যোগ করেন, ‘এটা কোনো মজা নয়। মানুষ ছবিটি দেখুক, তারপর ঠিক করুক আমরা চার বা পাঁচ নম্বর কিস্তি বানাব কি না।’
এমনকি প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর নাকি চতুর্থ ছবির আগেই পঞ্চম কিস্তির পরিকল্পনাও করে ফেলেছেন বলে জানান তিনি।
‘দৃশ্যম ৩’-এ আগের ছবির পরিচিত মুখদেরই দেখা যাবে। জর্জকুট্টি চরিত্রে ফিরছেন মোহনলাল। সঙ্গে রয়েছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল।
ট্রেলারে দেখা গেছে, আগের দুই ছবির ঘটনার পর জর্জকুট্টি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর চারপাশে এক অদ্ভুত ভয় কাজ করছে। পরিবার যদিও অতীত ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, কিন্তু জর্জকুট্টি যেন বুঝতে পারছেন—বিপদ এখনো কাটেনি।
ট্রেলারের শেষ ভাগে সেই আতঙ্ক আরও স্পষ্ট হয়। মনে হয়, অন্ধকার অতীত আবারও ফিরে আসছে তাঁর জীবনে।
২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে