৪০ কোটি টাকায় বাড়ি কিনলেন এ নায়িকা

শেহনাজ গিল
ইনস্টাগ্রাম

বলিউডে অভিষেকটা স্বপ্নের মতো হয়েছে এই বিগ বস তারকার। প্রথম সিনেমাতেই অভিনয় করেছেন সালমান খানের সঙ্গে। তাঁর অভিনীত সিনেমা বক্স অফিসে সফল হতে না পারলেও সিনেমা মুক্তির পর নিজের স্বপ্ন পূরণ করেছেন এই অভিনেত্রী। ৩০ কোটি রুপি খরচ করে মুম্বাইয়ে কিনলেন নিজের স্বপ্নের বাড়ি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।

অনেক দিন ধরেই শেহনাজ গিলের স্বপ্ন ছিল নিজের একটা বাড়ির। সেই স্বপ্ন তিনি এবার পূরণ করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্নপূরণের এই সংবাদ নিজেই জানালেন।

ভারতীয় মডেল ও অভিনেত্রী শেহনাজ গিল।

এর আগে পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সালমানের হাত ধরে বলিউডে পা রেখেই হয়েছেন বিদ্রূপের শিকার। কিন্তু নেটিজেনদের বিদ্রূপে কর্ণপাত করেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার

সালমানের সিনেমায় অভিনেত্রী হিসেবে অভিষেক মানেই অনেকটা এগিয়ে গেলেন—নেটিজেনদের এই কথা মানতে নারাজ শেহনাজ।

তাঁদের এই কথার জবাবও তিনি দিয়েছেন তিনি, ‘সালমান খান একটি সুযোগ দিয়েছেন মাত্র। তার মানে এই নয় যে একের পর এক সিনেমার প্রস্তাব পাব।’ সম্পূর্ণ নিজের চেষ্টা ও প্রতিভা দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন বলেও জানান শেহনাজ।

নিজের প্রতিভা ও যোগ্যতা নিয়ে একাধিকবার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে শেহনাজকে। তবে কাজের মাধ্যমেই সব প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। যদিও ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেননি তিনি। তবু এই সিনেমা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। কেননা, এই সিনেমা দিয়েই বলিউডে এসেছেন। প্রথম এই সিনেমার জন্য মাত্র ৫৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন শেহনাজ।