‘সড়ক’ ছবিতে পূজা ও সঞ্জয়। আইএমডিবি
‘সড়ক’ ছবিতে পূজা ও সঞ্জয়। আইএমডিবি

পূজার সঙ্গে কেন চুম্বনের দৃশ্যে আপত্তি জানিয়েছিলেন সঞ্জয়

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত একসময় সহ–অভিনেত্রী পূজা ভাটের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, ছোটবেলা থেকেই পূজা ভাটকে দেখেছেন বলে সেই দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করেছিলেন।

ঘটনাটি ঘটে ১৯৯১ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘সড়ক’–এর শুটিংয়ের সময়। ছবিটি পরিচালনা করেছিলেন পূজা ভাটের বাবা মহেশ ভাট। সম্প্রতি নিজের পডকাস্টে সেই ঘটনার স্মৃতিচারণা করেন পূজা ভাট। তিনি জানান, ছবিতে একটি দৃশ্যে তাঁর ও সঞ্জয় দত্তের মধ্যে চুম্বনের দৃশ্য ছিল। বিষয়টি জানার পর তিনি নিজেও বেশ অস্বস্তিতে পড়েছিলেন। পূজা বলেন, সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল যেন মাটির নিচে ঢুকে যান।
পরে সঞ্জয় দত্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি এই দৃশ্যে অভিনয় করবেন না। কারণ, ছোটবেলা থেকেই পূজা ভাটকে দেখেছেন বলে তাঁর কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছিল।

‘সড়ক’ ছবিতে পূজা ও সঞ্জয়। আইএমডিবি

তবে পরিচালক মহেশ ভাট এ সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। তিনি সঞ্জয় দত্তকে এ বিষয়ে ‘ভণ্ড’ বলেও মন্তব্য করেছিলেন। মহেশ ভাটের মতে, অভিনয়ের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের বাইরে গিয়ে চরিত্রের প্রয়োজন অনুযায়ী কাজ করা উচিত।
পডকাস্টে পূজা ভাট আরও বলেন, তাঁর বাবা সব সময় তাঁকে শিখিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে আসল বিষয়টি হলো অভিনেতার মানসিকতা। অর্থাৎ দৃশ্যটি কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।

মুক্তির পর ‘সড়ক’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড ছবিগুলোর একটি হিসেবে জায়গা করে নেয়। ছবিতে সঞ্জয় দত্ত ও পূজা ভাট ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সদাশিব আমরাপুরকার। যাঁর অভিনয়ও দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

‘সড়ক’ ছবিতে পূজা ও সঞ্জয়। আইএমডিবি