
মুক্তির অপেক্ষায় থাকা ঈদের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ আর নিজের সঞ্চালনায় টক শো নিয়ে আলোচনায় বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ছবির প্রচারে সাক্ষাৎকার দিতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন শেহনাজ। তবে পাল্টা দিতেও দেরি করেননি তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
মুক্তির অপেক্ষায় থাকা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ শেহনাজ ছাড়াও আছেন সালমান খান, পূজা হেগড়ের মতো তারকা। বড় তারকাদের সঙ্গে এক ছবিতে অভিনয় করে বেশ রোমাঞ্চিত অভিনেত্রী। তবে ছবির প্রচারে তিনি মুখোমুখি হন ভক্তদের। কেউ ইংরেজিতে প্রশ্ন করলে সঞ্চালক তা হিন্দিতে অনুবাদ করে শেহনাজকে বলছিলেন। এতেই চটে যান শেহনাজ।
অনুষ্ঠানের সঞ্চালককে থামিয়ে অভিনেত্রী বলেন, ‘ইংরেজি কিছুটা হলেও বুঝতে পারি আমি, এতটাও অশিক্ষিত নই।’ মজার ছলে এ কথা বললেও সঞ্চালকের বিদ্রূপের জবাব দিয়েছেন, তিনি এতে খুশি তাঁর ভক্ত-অনুসারীরা।
তবে ইংরেজিতে তিনি যে ততটা দক্ষ নন, সে কথা বিভিন্ন সময় নিজেই জানিয়েছিলেন শেহনাজ গিল। তবে এ–ও জানিয়েছিলেন, নিজের দুর্বলতার চেয়ে সবলতার দিকেই মনোযোগ দিতে চান তিনি।
রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে তারকা বনে যাওয়া শেহনাজের প্রথম ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’।
আগে অবশ্য বেশ কয়েকটি পাঞ্জাবি সিনেমা ও মিউজিক ভিডিওতে দেখা গেছে শেহনাজ গিলকে।