‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং। এক্স থেকে
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং। এক্স থেকে

১০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে রাজি রণবীর, কী করেছিলেন তিনি

‘ধুরন্ধর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর ফারহান আখতারের ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও ‘চাহিদা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সে তত্ত্ব নিয়ে এখনো বিতর্ক চলছে। এ অবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার। যদিও ‘প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছেন রণবীর সিং। তবে এবার খবর, ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন রণবীর।

সিনেমার কাজ থেমে যাওয়ায় রণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি। ফারহান ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ায় ‘প্রডিউসারস গিল্ড অব ইন্ডিয়া’র বৈঠকে রণবীর সিং যুক্তি দিয়েছিলেন,‘সঞ্জয় লীলা বনসালির “বৈজু বাওরা” ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনো ছবিতে সইও করিনি সে সময়। অনেক প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সে ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় করার পরও বানসালির  থেকে কোনো ক্ষতিপূরণ আমি দাবি করিনি।’

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার পোস্টারে রণবীর সিং। এক্স থেকে

গত ফেব্রুয়ারি মাসেই জানা যায়, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ ও ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজসংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকি ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। গত বছরের শেষে শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা।

অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অগ্রিম পারিশ্রমিক ফেরত দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে চান রণবীর। শিগগিরই ১০ কোটি টাকা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’কে ফেরত দেবেন ‘ধুরন্ধর’ অভিনেতা। শুধু তা–ই নয়! নিজের পরবর্তী ছবি ‘প্রলয়’-এরও একটা অংশীদারত্বও ফারহানের হাতে সঁপে দিতে চলেছেন বলে খবর। যদিও এই অংশীদারত্বের পরিমাণ কত শতাংশ হবে, সেটার উত্তর এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে রণবীর বা ফারহানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনডিটিভি অবলম্বনে