
খুব শিগগির বড় পর্দায় মুক্তি পাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’। তবে মুক্তির আগেই সমালোচনার মুখে পড়েছে মুদাসসর আজিজ পরিচালিত কমেডি ছবিটি। অনেকের মতে, এই ছবির মাধ্যমে ‘পরকীয়া’কে উৎসাহিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ তোলেন, ছবিটি নাকি বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরছে। ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে এ সমালোচনার জবাব দিয়েছেন আয়ুষ্মান। এ অভিযোগ একেবারেই মানতে নারাজ অভিনেতা।
সম্প্রতি মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আসরে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানার সঙ্গে ছবির তিন নায়িকা ওয়ামিকা গাব্বি, রাকুল প্রীত সিং এবং সারা আলী খান, আর পরিচালক মুদাসসর আজিজ। এই ছবির বিরুদ্ধে বিবাহবহির্ভূত প্রেমকে উসকানির অভিযোগ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, ‘এটি কোনোভাবেই পরকীয়া উৎসাহিত করার ছবি নয়। কারণ, এটি একটি পারিবারিক ছবি। সবাই একসঙ্গে বসে এই ছবি উপভোগ করতে পারবে। এটি মূলত ভুল–বোঝাবুঝি থেকে তৈরি হওয়া একধরনের হাস্যরসাত্মক গল্প।’
আয়ুষ্মান আরও ব্যাখ্যা করেন, ছবির গল্পকে ঘিরে যে ধারণা তৈরি হয়েছে, তা সঠিক নয়। তাঁর মতে, এটি সম্পর্কের জটিলতা ও দৈনন্দিন জীবনের মজার পরিস্থিতিকে কেন্দ্র করে তৈরি একটি বিনোদনধর্মী ছবি, যেখানে দর্শক হাসির মাধ্যমে গল্প উপভোগ করবেন।
আয়ুষ্মান তাঁর চরিত্র সম্পর্কে বলেন, ‘আমার চরিত্রটি খুবই ইতিবাচক মানসিকতার। আমার চরিত্রের নাম প্রজাপতি পাণ্ডে। সে একেবারে ‘গ্রিন ফ্ল্যাগ’। তার নৈতিক বোধ একেবারে সঠিক জায়গায় আছে। এখানে এমন কিছু নেই, যেখানে আমার চরিত্রকে পরকীয়ায় জড়াতে দেখা যাবে।’
অভিনেত্রী রাকুল প্রীত সিং-ও এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘এই ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এটি কোনোভাবেই পরকীয়া সমর্থন করে না। বরং এটি একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পারিবারিক বিনোদনমূলক ছবি, যেখানে সম্পর্কের মজার দিকগুলো তুলে ধরা হয়েছে।’
১৯৭৮ সালে সঞ্জীব কুমারকে দিয়ে ‘পতি পত্নী অউর ওহ’-এর যাত্রা শুরু হয়েছিল। ২০১৯ সালে আবার এসেছিল এই ধারার ছবি। আর এখন ২০২৬ সালে আসছে ‘পতি পত্নী অউর ওহ ২’। আয়ুষ্মান বলেন, ‘আমি সব সময়ই সঞ্জীব কুমার সাহেবের ভক্ত ছিলাম। আর যে গল্পটা তখন থেকে শুরু হয়েছিল, সেটা পরে অনেক ছবিতেই নেওয়া হয়েছে। কিন্তু আমাদের ছবিতে মুদাসসর আজিজ যেভাবে এটাকে গেঁথেছেন, সেটা একেবারেই অসাধারণ। আমি এটাকে রোম-কম বলতে চাই না, এটা একেবারে খাঁটি কমেডি। এখানে শুধু রোমান্স নয়, রোমান্সের থেকেও বেশি কমেডি আছে। তিনজনের মধ্যে বা চারজনের মধ্যে কী চলছে, সেটাই আসল মজা।’
জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্ক অটুট রাখার মন্ত্র জানতে চাওয়া হলে আয়ুষ্মান বলেন, ‘সত্যিটা সত্যিই বলুন। সবকিছুতে তাকে নিজের বন্ধু বানিয়ে রাখুন। বন্ধুত্বই সবচেয়ে বেশি কাজে আসে। তার সঙ্গে সবকিছু শেয়ার করুন, যাতে আপনারা একে অপরের কাছে একেবারে পরিষ্কার থাকেন। যদি আপনার মধ্যে কোনো গোপনীয়তা থাকে, আপনি কিছু লুকোচ্ছেন, তাহলে সেটা আলাদা সমস্যা তৈরি করতে পারে। তাই আমি বলব, সব সময় আপনার সঙ্গীর সঙ্গে সৎ থাকুন।’
‘পতি পত্নী অউর ওহ দো’ ছবিতে আয়ুষ্মানের সঙ্গে তিন নায়িকা ওয়ামিকা, রাকুল প্রীত ও সারাকে দেখা যাবে। তিন নায়িকার সম্পর্কে জানতে চাওয়া হলে আয়ুষ্মান বলেন, ‘রাকুলের সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। রাকুল আমার খুব ভালো বন্ধু, আর আমাদের মধ্যে দারুণ রসায়ন আছে। আমাদের ছবির “ডাক্তার” বলতে পারেন ও-ই। কারণ, কোনো সমস্যা হলে ফিজিও–সংক্রান্ত কিছু হোক বা খাবার-পুষ্টি নিয়ে কিছু—রাকুলই সবার ভরসার জায়গা। স্বাস্থ্য আর ফিটনেস নিয়ে ও অসাধারণ। আমি তো অনেকবারই বলেছি, এই বিষয়গুলো নিয়ে ওর একটা ব্লগ শুরু করা উচিত। সারার সঙ্গেও এটা আমার দ্বিতীয় ছবি। এরপরও আমাদের আরেকটা ছবি আসছে। শুটিংয়ের সময় ওর কাছ থেকে এমন সব শকিং মন্তব্য শুনতাম, মানে, ওর যে একদম ফিল্টারহীন স্বভাব, সেটা এখন বলা যাবে না, কিন্তু ভীষণ মজার মানুষ। আর ওয়ামিকা গাব্বি, ও একদম সহজ, দেশি রসবোধের মানুষ। ওয়ামিকা চণ্ডীগড়ের মেয়ে, আমিও চণ্ডীগড়ের, একই শহরের। তাই পাঞ্জাবিতে ওর সঙ্গে যত কথা বলেছি, ইন্ডাস্ট্রিতে সম্ভবত আর কারও সঙ্গে এত বলিনি। এই ছবিতে আমি তিনজন অসাধারণ সুন্দর, দারুণ প্রতিভাবান নারী ও অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি।’
এদিকে ছবির তিন নায়িকা আয়ুষ্মান সম্পর্কে কিছু কথা ভাগ করে নিয়েছে। ওয়ামিকা প্রথমে বলেন, ‘ওর অনেক গুণই আছে। তবে যেটা একটু ক্লিশে শোনাতে পারে—ও খুব বিনয়ী। কিন্তু অনেকেই তো শুধু দেখানোর জন্য বিনয়ী হওয়ার ভান করে। ও কিন্তু সত্যিই ভীষণ বিনয়ী। আয়ুষ্মান খুরানা হওয়ার কোনো অহংকারই ওর মধ্যে নেই। আর কাজের প্রতি ভীষণ আন্তরিক। আমার মনে হয়, এত সফল একজন মানুষ যদি এই পর্যায়েও এতটা বিনয়ী আর নিজের কাজের প্রতি এতটা সৎ থাকেন, সেটা সত্যিই অনুপ্রাণিত করে। আমার মতে, এটিই সবচেয়ে বড় অনুপ্রেরণা।’ সারা সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি পুরোপুরি একমত। আমার মনে হয়, আয়ুষ্মানের সঙ্গে কাজ করলে যেমন ভীষণ মজা পাওয়া যায়, তেমনই প্রতিদিন কিছু না কিছু শেখারও থাকে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে ওর সঙ্গে দুটো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। দুটোই এখন মুক্তি পাবে। তাই শুধু আশা করি, দুটোই দর্শকদের ভালোবাসা পাবে।’ আয়ুষ্মান সম্পর্কে রাকুল জানান, ‘আমার মনে হয়, আয়ুষ্মানের রসবোধ অসাধারণ। এটা ব্যাখ্যা করে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। যখন আমরা শুটিংয়ে থাকি, তখন সেটা বোঝা যায়। এটা নিজেই একটা অভিজ্ঞতা। আর যখন আপনি ১২-১৪ ঘণ্টা কাজ করছেন, তখনো নিজের এনার্জি এত পজিটিভ রাখা আর পরিবেশটাকে হালকা-ফুলকা রাখা, এটা খুব কম মানুষই স্বাভাবিকভাবে করতে পারে। আর আমার মনে হয়, আয়ুষ্মান তাদেরই একজন।’
ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভূত বাংলা’ ছবিটি এখনো বক্স অফিস দখল করে আছে। এই ছবির সফলতার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই উত্তেজিত। আমি শুধু ধন্যবাদই জানাই। কারণ, ১০ বা ২০ বছর আগে যখন আমি এসব ভাবতাম, তখন কখনো মনে হয়নি যে এই বছরে এমন একটা লাইনআপ আমার জীবনে আসবে, যেখানে আমি আয়ুষ্মান, সারা, রাকুল আর অক্ষয় স্যার এবং যাঁদের সঙ্গে এখন কাজ করছি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। তাই আমি শুধু ঈশ্বরকে ধন্যবাদই জানাতে পারি। আমি তো তেমন কিছুই করিনি, কিন্তু আমি খুশি যে ঈশ্বরের কাছে আমি একটা ভাগ্যবান মেয়ে, যে আমার সঙ্গেই এসব ঘটছে। তাই আমি শুধুই কৃতজ্ঞ।’
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পতি পত্নী অউর ওহ’ ছবির পরবর্তী অংশ হিসেবে এই ছবি তৈরি হলেও নতুন গল্প ও ভিন্নধর্মী উপস্থাপনায় নির্মিত হয়েছে। ‘পতি পত্নী অউর ওহ দো’ ১৫ মে মুক্তি পেয়েছে।