
রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক গোপন কিছু নয়। খোদ দীপিকা, ক্যাটরিনা ও রণবীরই নানা সময়ে তাঁদের সম্পর্কের কথা বলেছেন। শোনা যায়, রণবীরের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করেই ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের মধ্যে অনেক দিন ধরেই শীতল সম্পর্ক চলে আসছে। তবে বাস্তবে সম্পর্ক যা–ই থাকুক, এবার এক সিনেমায় দেখা যাবে দীপিকা ও ক্যাটরিনাকে।
ক্যারিয়ারের শুরুর দিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। একসঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি হিট সিনেমাও উপহার দিয়েছেন তাঁরা। সম্পর্ক ভাঙার পরও ইমতিয়াজ আলীর সিনেমা ‘তামাশা’য় অভিনয় করেন দীপিকা ও রণবীর।
অন্যদিকে দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার সঙ্গে প্রেম করতেন রণবীর। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’-এর শুটিংয়ের সময় সে সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক না থাকলেও পেশাদারত্বের খাতিরে ছবিটি শেষ করেন তাঁরা।এবার এক সিনেমায় রণবীর কাপুরের সাবেক দুই প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ছবির সবকিছুই প্রায় চূড়ান্ত।
নাম ঠিক না হওয়া লেডি অ্যাকশন ঘরানার সিনেমাটির চিত্রনাট্য লিখছেন ‘পাঠান’-এর চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। ছবিটি হতে যাচ্ছে যশ রাজ ইউনিভার্সের অংশ। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস আগেই জানিয়েছে, ‘পাঠান’, ‘টাইগার’, ‘ওয়ার’ সিনেমাগুলো নিয়ে একটা স্পাই ইউনিভার্স তৈরি করছে তারা। ভবিষ্যতে এক ছবিতে সিনেমাগুলোর একাধিক চরিত্রকে দেখা যাবে। যেমন শাহরুখের ‘পাঠান’-এ হাজির হয়েছিলেন ‘টাইগার’ সালমান। সামনে ‘টাইগার ৩’ ছবিতেও দেখা যাবে শাহরুখকে।
‘টাইগার’ সিনেমা সিরিজে সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। তাঁর চরিত্রের নাম যোয়া। অন্যদিকে ‘পাঠান’-এর রুবাই চরিত্রে ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তাই যোয়া ও রুবাইকে নিয়ে আলাদা ছবি নিয়ে আসছে যশ রাজ।ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, আগামী বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি। ব্যক্তিগত বিভেদ ভুলে এক ছবিতে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন কেমন করেন, তা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।