২০২৪ সালের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়া ছবিগুলোর মধ্য থেকেই বিজয়ীদের বেছে নেওয়া হয়েছে।
এবারের আসরে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা মাম্মুট্টি। ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য কার্তিক এই সম্মান পেয়েছেন। অন্যদিকে হরর-ড্রামা ‘ব্রহ্মায়ুগম’-এ অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন মাম্মুট্টি। দীর্ঘ অভিনয়জীবনে এটি তাঁর আরেকটি বড় অর্জন।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম। রাজনৈতিক থ্রিলার ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে তাঁর অভিনয় বিচারকদের মুগ্ধ করেছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, ছবিটিও এবারের পুরস্কারে বড় সাফল্য পেয়েছে। ‘আর্টিকেল ৩৭০’ নির্বাচিত হয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে।
অন্যদিকে রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’ জিতেছে সেরা হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার। দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পোদ্যোক্তা শ্রীকান্ত বোলার জীবন অবলম্বনে নির্মিত ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ছবিতে রাজকুমার রাও ছাড়াও অভিনয় করেছেন জ্যোতিকা, আলায়া এফ, শরদ কেলকার ও জামিল খান।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আঞ্চলিক ভাষার ছবিগুলোরও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সৌরভ পালোধির ‘অঙ্ক কী কঠিন’ ছবির থেকে সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী।
বিভিন্ন ভাষার চলচ্চিত্র, নির্মাতা ও কলাকুশলীদের কাজকে স্বীকৃতি দিয়ে ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও সৃজনশীলতাকে তুলে ধরা হয়েছে।