নাসিরুদ্দিন শাহ্। ছবি: এএফপি
নাসিরুদ্দিন শাহ্। ছবি: এএফপি

মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না! বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্‌র কটাক্ষ

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। একই সঙ্গে এ বিষয়ে বলিউডের শীর্ষ তারকাদের রহস্যজনক নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ ও কটাক্ষ প্রকাশ করেছেন তিনি।

ভারতের গণমাধ্যম ‘দ্য ওয়ার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ্ বলিউডের প্রথম সারির তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি প্রচলিত একটি প্রবাদের উল্লেখ করে বলেন, ‘মুখে হাড় গোঁজা থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। যখনই মুখ থেকে হাড়টি খসে পড়বে কিংবা তাদের দাঁত ভেঙে যাবে, কেবল তখনই তারা ডাকতে শুরু করবে।’

তারকারা নিজেদের বিবেক বিসর্জন দিয়ে এই নীরবতা থেকে কোনো বৈষয়িক সুবিধা নিচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘অবশ্যই, তা-ই হচ্ছে। তবে তারা কত দিন এভাবে নিজেদের গুটিয়ে রাখবে? সময় তা বলে দেবে।’

এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান নাসিরুদ্দিন শাহ্। শিক্ষার্থীদের ওপর চালানো পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সবকিছু মনে রাখা হবে (সব ইয়াদ রাখা জায়েগা)।’

নাসিরউদ্দিন শাহ

ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘কোনো অশিক্ষিত বা অজ্ঞ ব্যক্তি যখন দেশের নেতৃত্ব দেয়, তখন সে চায় পুরো দেশটাই যেন তার মতো মূর্খ, অবুঝ ও ক্ষমাহীন হয়ে উঠুক।’ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা মুখোশধারী পুলিশদের আমেরিকার বিশেষ নিরাপত্তা এজেন্টের সঙ্গে তুলনা করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা সংস্কারের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলনের ডাক দেয়। শিক্ষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশনের পর এই আন্দোলন দেশজুড়ে বড় আলোড়ন তৈরি করেছে।

নাসিরুদ্দিন শাহ্ ছাড়াও আলিয়া ভাট, সালমান খান, রিতেশ দেশমুখ ও শাবানা আজমির মতো ভারতের একাধিক শীর্ষ তারকা ইতিমধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। সম্প্রতি আলিয়া ভাট এ আন্দোলনে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘শিক্ষার্থীদের এই সাহস আমাকে বিনীত করেছে।’