কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

অভিনয় থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে কঙ্গনা

ভারতের চলচ্চিত্রজগতে এমন কিছু নাম আছে, যাঁরা শুধু অভিনয়ের জন্য নন, ব্যক্তিত্ব ও অবস্থানের জন্যও সমান আলোচিত। সেই তালিকার শীর্ষে নিঃসন্দেহে রয়েছেন কঙ্গনা রনৌত। জন্মদিন এলেই তাঁর জীবন যেন নতুন করে আলোচনায় উঠে আসে—সংগ্রাম, সাফল্য, বিতর্ক আর নিজের মতো করে বাঁচার সাহসের এক অনন্য গল্প। আজ ২৩ মার্চ জন্মদিন উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।

ছোট শহর থেকে স্বপ্নের মুম্বাই
১৯৮৭ সালের ২৩ মার্চ ভারতের হিমাচল প্রদেশের একটি ছোট শহরে জন্ম কঙ্গনার। পরিবার চেয়েছিল মেয়ে ডাক্তার হোক। কিন্তু ছোটবেলা থেকেই তাঁর টান ছিল অভিনয়ের দিকে। মাত্র কিশোরী বয়সে বাড়ি ছেড়ে দিল্লি, তারপর মুম্বাই—স্বপ্নের পিছু ছোটা শুরু। মুম্বাইয়ে এসে প্রথম জীবনে তাঁকে লড়তে হয়েছে টিকে থাকার জন্য। অর্থকষ্ট, ভাষাগত সীমাবদ্ধতা, ইন্ডাস্ট্রিতে ‘গডফাদার’ না থাকা—সবকিছুই ছিল তাঁর বিরুদ্ধে। তবু হাল ছাড়েননি।

অভিষেকেই আলোচনায়
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়ে নেয় দর্শক-সমালোচকদের। এই ছবির জন্য তিনি জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-সেরা নবাগত অভিনেত্রী।

এরপর একে একে ‘ওহ লামহে’, ‘লাইফ ইন আ...মেট্রো’, ‘ফ্যাশন’-প্রতিটি ছবিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন ভিন্ন ভিন্ন চরিত্রে। বিশেষ করে ‘ফ্যাশন’-এ তাঁর পারফরম্যান্স তাঁকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘কুইন’ হয়ে ওঠার গল্প
কঙ্গনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসে বিকাশ বেহেলের ‘কুইন’ ছবির মাধ্যমে। একটি সাধারণ মেয়ের আত্ম-অন্বেষণের গল্পে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এই ছবিই তাঁকে এনে দেয় ‘বলিউড কুইন’খ্যাতি।
এরপর ‘তনু ওয়েডস মনু’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে আবারও প্রমাণ করেন নিজের বহুমুখিতা। একদিকে সরল কুসুম, অন্যদিকে আধুনিক তনু—দুটি চরিত্রেই তিনি ছিলেন অনবদ্য।

কঙ্গনা রনৌত

নারীপ্রধান সিনেমার মুখ
বলিউডে যখন নায়ককেন্দ্রিক সিনেমার দাপট, তখন কঙ্গনা নিজের কাঁধে পুরো সিনেমা টেনে নিয়ে যাওয়ার সাহস দেখান। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’-এ ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে তাঁর উপস্থিতি ছিল দৃঢ় ও শক্তিশালী।
একইভাবে ‘পাঙ্গা’-এ এক গৃহিণীর স্বপ্নপূরণের গল্পে তিনি তুলে ধরেন বাস্তব জীবনের সংগ্রাম।

বিতর্কের কেন্দ্রবিন্দু
কঙ্গনা রনৌত মানেই শুধু অভিনয় নন, বিতর্কও তাঁর নিত্যসঙ্গী। বলিউডে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির বিরুদ্ধে সরব হয়ে তিনি সরাসরি আক্রমণ করেছেন করণ জোহরসহ অনেক প্রভাবশালী ব্যক্তিত্বকে। তাঁর বক্তব্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয়। কখনো রাজনৈতিক মন্তব্য, কখনো সহকর্মীদের বিরুদ্ধে কড়া ভাষা—সব মিলিয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী। হৃতিক রোশানের সঙ্গে তাঁর প্রেম নিয়ে বিতর্কেও সোচ্চার ছিল বলিপাড়া।

‘কুইন’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

ব্যক্তিগত জীবন: একাকিত্ব না স্বাধীনতা?
কঙ্গনার ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক ও পরবর্তী দ্বন্দ্ব দীর্ঘদিন সংবাদ শিরোনামে ছিল। তবে কঙ্গনা নিজেকে সব সময় ‘স্বাধীন নারী’ হিসেবেই উপস্থাপন করেছেন। বিয়ে বা সম্পর্ক নিয়ে সামাজিক চাপে না পড়ে নিজের শর্তে জীবনযাপন—এটাই তাঁর দর্শন।

পুরস্কার ও স্বীকৃতি
কঙ্গনা রনৌতের ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তাঁকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা মর্যাদা দিয়েছে। তিনি শুধু জনপ্রিয় নন, সমালোচকদের কাছেও সমানভাবে প্রশংসিত।

প্রযোজক ও নির্মাতা কঙ্গনা
শুধু অভিনেত্রী হিসেবেই নন, কঙ্গনা নিজেকে প্রতিষ্ঠা করেছেন নির্মাতা হিসেবেও। নিজের প্রযোজনা সংস্থা খুলে তিনি নতুন ধরনের গল্প বলার চেষ্টা করছেন। নারীনির্ভর ও শক্তিশালী চরিত্রকে সামনে আনার বিষয়টি তাঁর কাজে বারবার ফিরে আসে।

কঙ্গনা রনৌত। এক্স থেকে

সমালোচনা বনাম আত্মবিশ্বাস
কঙ্গনার ক্যারিয়ারে যেমন সাফল্য আছে, তেমনি ব্যর্থতাও আছে। কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, কিছু মন্তব্য তাঁকে বিতর্কিত করেছে। কিন্তু এসবের মাঝেও তাঁর আত্মবিশ্বাস কখনো কমেনি। তিনি বারবার প্রমাণ করেছেন, সমালোচনা তাঁকে থামাতে পারে না; বরং আরও শক্তিশালী করে।

কেন আলাদা কঙ্গনা?
বলিউডে যেখানে অনেকেই ‘সেফ’ খেলা খেলেন, সেখানে কঙ্গনা রনৌত বরাবরই নিজের পথ বেছে নিয়েছেন। তিনি ঝুঁকি নিতে ভয় পান না—চরিত্রে, মতামতে, জীবনযাপনে। তাঁর যাত্রা শুধু একজন অভিনেত্রীর সাফল্যের গল্প নয়; বরং এক নারীর নিজের জায়গা তৈরি করার লড়াই।

ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে অবলম্বনে