‘দয়াবান’ সিনেমায় মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না
‘দয়াবান’ সিনেমায় মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না

ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিকর অভিজ্ঞতা, যে কথা বলতে চান না মাধুরী

দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করেছেন মাধুরী দীক্ষিত। পেয়েছেন খ্যাতি, দর্শকের ভালোবাসা থেকে পুরস্কার। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকের এমন একটি সিনেমা আছে, যেটা করতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সেটা এতটাই যে সিনেমাটি নিয়ে কথাই বলতে চান না মাধুরী। পরে দু–একবার যখন সিনেমাটির প্রসঙ্গ এসেছে, বিরক্তি ফুটে উঠেছে মাধুরীর কণ্ঠে। কোন সেই সিনেমা? কী অভিজ্ঞতাই–বা হয়েছিল মাধুরীর। আজ ১৫ মে মাধুরীর জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর ক্যারিয়ারের এই অজানা অধ্যায়ের কথা।

ঘটনাটি ‘দয়াবান’ সিনেমার। এটিকে মাধুরী দীক্ষিতের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত দৃশ্য বললেও ভুল হবে না। দৃশ্যটি নিয়ে সেই সময়ে তুমুল বিতর্ক হয়েছিল। বিনোদ খান্নার সঙ্গে ‘দয়াবান’ সিনেমার দৃশ্যটি নিয়ে এখনো চর্চা হয়।

ঘটনা জানতে পিছিয়ে যেতে হবে আশির দশকের শেষভাগে।  বিনোদ খান্না ছিলেন সেই সময়ের আলোচিত তারকাদের একজন। নির্মাতা ফিরোজ খান ১৯৮৮ সালে ‘দয়াবান’-এ নেন উঠতি নায়িকা মাধুরীকে।

তখন কে জানত ৪২ বছর বয়সী বিনোদ খান্নার বিপরীতে অভিনয় ২১ বছরের মাধুরী দীক্ষিতের একটি দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় বইবে। ছবির সেই বিতর্কিত চুম্বন দৃশ্যে বিনোদ নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, কামড় দিয়েছিলেন মাধুরীর ঠোঁটে। পরে বিনোদ খান্না প্রকাশ্যে মাধুরীর কাছে দুঃখ প্রকাশ করেন।

‘দয়াবান’ সিনেমায় মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না। আইএমডিবি

বিনোদ খান্নার ক্যারিয়ারে বিতর্কের অভাব নেই। বিশেষ করে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বেশ কয়েকবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তিনি, যা নিয়ে সেই সময়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। কেবল ‘দয়াবান’ই নয়, আরও একটি সিনেমায় বিনোদ খান্নার নিয়ন্ত্রণ হারানো নিয়ে বিতর্ক হয়েছিল।

বছর কয়েক আগে বিতর্কিত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুলেছিলেন মাধুরী। বহু বছর পর সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাটি তাঁকে এতটাই অস্বস্তি ও লজ্জায় ফেলেছিল যে পরে অভিনয়জীবনে নিজের জন্য স্পষ্ট সীমারেখা টেনে নেন তিনি।

রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, সেই অভিজ্ঞতা তাঁর জন্য একধরনের শিক্ষাও ছিল। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, এটা একধরনের বেড়ে ওঠার বা শেখার প্রক্রিয়া। প্রতিটি অভিজ্ঞতা থেকেই কিছু শেখা যায়, আর আমি সেখান থেকেও শিখেছিলাম। এরপর আমি খুব অস্বস্তি ও লজ্জা অনুভব করি এবং সিদ্ধান্ত নিই, ভবিষ্যতে এ ধরনের কিছু আর করব না।’

যখন অভিনয় করেছিলেন, তখন মাধুরী বলিউডে একেবারেই নতুন। অন্যদিকে বিনোদ খান্না তখন প্রতিষ্ঠিত সুপারস্টার। ছবিটির সবচেয়ে আলোচিত অংশ ছিল দুই তারকার দীর্ঘ চুম্বনের দৃশ্য, যা মুক্তির পর তুমুল বিতর্ক তৈরি করেছিল। সেই সময়ের বলিউডে এত দীর্ঘ ও খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্য খুবই বিরল ছিল।

মাধুরী পরে স্বীকার করেন, ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় তিনি পুরোপুরি বুঝতে পারেননি দৃশ্যটি কতটা তীব্র বা স্পষ্টভাবে উপস্থাপন করা হবে। এখনো দৃশ্যটি দেখলে তিনি বিস্মিত হন বলেও জানান অভিনেত্রী। অতীতে একাধিক সাক্ষাৎকারে তিনি এই দৃশ্যে অভিনয় করার জন্য আক্ষেপও প্রকাশ করেছেন।

‘দয়াবান’ পরিচালনা করেছিলেন ফিরোজ খান। ‘দ্য গডফাদার’ অনুপ্রাণিত এই অপরাধভিত্তিক ছবি মুক্তির সময় বেশ আলোচিত হয়েছিল। তবে সবচেয়ে বেশি আলোচনা হয় মাধুরী ও বিনোদ খান্নার সেই দৃশ্য ঘিরেই। কারণ, শুধু দৃশ্যটির খোলামেলা ভাবই নয়, দুই অভিনেতার বয়সের বড় ব্যবধানও দর্শকদের অস্বস্তিতে ফেলেছিল।

প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের সময় বিনোদ খান্না নাকি দৃশ্যের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে প্রয়োজনের তুলনায় চুম্বনের দৃশ্য দীর্ঘায়িত হয়ে যায়। ঘটনাটির পর সেটে মাধুরী ভেঙে পড়েন এবং কেঁদেও ফেলেন বলে দাবি করা হয়।

পরে অভিনেত্রী নাকি ছবির চূড়ান্ত সংস্করণ থেকে দৃশ্যটি বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু পরিচালক ফিরোজ খান সেই অনুরোধ রাখেননি। এমনকি ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। শোনা যায়, দৃশ্যটি ছবিতে রাখার জন্য মাধুরীকে অতিরিক্ত এক কোটি রুপি দেওয়া হয়েছিল।

বলিউড লাইফ অবলম্বনে