
বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ছবিকে ঘিরে শুরু থেকেই সবার অনেক আগ্রহ। কারণ, এ ছবিতে সম্পূর্ণ নতুন এক রূপে দেখা যাবে বরুণকে। গত বুধবার এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে বরুণের চরিত্র থেকে পর্দা উঠল। নেকড়ে রূপে ধরা দিলেন এই বলিউড তারকা।
গত বুধবার ছিল বরুণের জন্য অত্যন্ত বিশেষ দিন। একদিকে তিনি তাঁর ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ করলেন। ১০ বছর আগে এই দিনে বরুণ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। সেদিনই বরুণের বহু প্রতীক্ষিত ছবি ‘ভেড়িয়া’র ট্রেলার প্রকাশ্যে এল। ছবির ট্রেলারে নেকড়েরূপী বরুণকে দেখে দর্শকেরা রীতিমতো রোমাঞ্চিত। সবার এই ছবির ট্রেলার দারুণ পছন্দ করছেন।
অমর কৌশিক পরিচালিত ছবিটিতে বরুণ জুটি বেঁধেছেন বলিউড নায়িকা কৃতি শ্যাননের সঙ্গে। মুম্বাইয়ের কুর্লা এলাকায় এক মাল্টিপ্লেক্সে ‘ভেড়িয়া’ ছবির এক জাঁকজমকপূর্ণ ট্রেলার মুক্তির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, দীপক দাব্রিয়ল, অভিষেক বন্দোপাধ্যায়, পরিচালক অমর কৌশিক, প্রযোজক দীনেশ ভিজানসহ অনেকে।
অনুষ্ঠান শুরু হয় বরুণের নাচ দিয়ে। অমর কৌশিকের ছবি কমেডি ঘরানার হলেও বরুণকে কোনো কমেডি করতে দেখা যাবে না। এ প্রসঙ্গে বরুণ বলেছেন, ‘ছবির চিত্রনাট্য পড়ার সময় অমর আমাকে বলেছিল, আমি যেন একটুও কমেডি না করি। আমি তার কাছ থেকে পাঞ্চ লাইন চেয়েছিলাম। কিন্তু অমর বলেছিল কিছু না করতে, কারণ, দর্শক তাহলে আমায় সিরিয়াসলি নেবেন না।’
বরুণকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘যুগ যুগ জিও’ ছবিতে। চলতি বছর মুক্তির পর ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এ প্রসঙ্গে বরুণ বলেছেন, ‘ক্যারিয়ারের এই মুহূর্ত উপভোগ করছি। আমার আগামী ছবি “ভেড়িয়া”র মুক্তির অপেক্ষায় আছি।’
এই বলিউড তারকা আরও বলেছেন, ‘দর্শক আমাকে যা বলতে চেয়েছেন, তা আমি সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এমন নয় যে আমি সব ছবিতে ভালো অভিনয় করেছি। আমি সব সময় আগে এগোনোর প্রয়াস করেছি। আগে আমার চিন্তাভাবনার মধ্যে অহংকার ছিল। আমি ভাবতাম যে সবকিছু যখন ঠিকঠাক চলছে, তখন লোকের কথায় কেন পাত্তা দেব। এখন আমি অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছি। আমি এখন “ভেড়িয়া”ছবির সফলতার আনন্দে ভাসতে চাই।”
জিও স্টুডিও ও দীনেশ ভিজান প্রযোজিত ‘ভেড়িয়া’ হিন্দি, তামিল আর তেলেগু ভাষায় মুক্তি পাবে। ২৫ নভেম্বর ছবিটি টু–ডি ও থ্রি–ডি সংস্করণে আসতে চলেছে।