তৃষা কৃষ্ণান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তৃষা কৃষ্ণান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সত্যিই কি বিয়ে করছেন? নীরবতা ভাঙলেন তৃষা

বিজয়ের সঙ্গে তৃষা কৃষ্ণানের সম্পর্কের গুঞ্জন ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে। তবে সেসব ছাপিয়ে তৃষার ব্যক্তিগত জীবন নানা জল্পনা এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয়। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, তৃষা নাকি বিবাহিত। এমনকি তৃষার নাকি সন্তানও রয়েছে। এ ছাড়া অভিনয় থেকে তৃষার বিরতি নেওয়ার গুঞ্জনও প্রকাশ্যে এসেছিল। এবার এই জল্পনায় মুখ খুললেন তৃষা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন তৃষা। সেই পোস্টে ব্যঙ্গাত্মকভাবে তিনি লেখেন, ‘সিনেমা ছেড়েছি, ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি, চার সন্তানের মা...আর কিছু বাকি আছে? সব মিলিয়ে যেন একটা গল্পের বই।’

এই জল্পনার সূত্রপাত মূলত একাধিক প্রতিবেদন, যেখানে দাবি করা হচ্ছিল, তৃষা নাকি খুব শিগগির চলচ্চিত্রজগৎ থেকে সরে দাঁড়াতে চলেছেন। কিছু প্রযোজকও নাকি এমন ইঙ্গিত দিয়েছেন বলে খবর ছড়ায়। তবে অভিনেত্রী এই দাবি সরাসরি নস্যাৎ করে দেন এবং স্পষ্ট করে জানান, এগুলো নিছকই ভিত্তিহীন কল্পনা।

তৃষা কৃষ্ণান

দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম। বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। অভিযোগের তির দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণানের দিকে। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই অভিনেত্রীর মায়ের এক প্রতিক্রিয়াকে ঘিরে শুরু হয় নতুন জল্পনা।

বিশেষ করে বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা আরও জোর পায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তৈরি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, বিজয় ও তৃষা শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়, যখন তৃষার মা উমা কৃষ্ণান সেই ভিডিওতে ‘লাইক’ দেন। এ ঘটনাকে ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনাকল্পনা। অনেকেই মনে করছেন, এটি হয়তো তাঁদের সম্পর্কের একটি ইঙ্গিত।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে