‘নীরজা’র প্রেমে মজেছেন

অভিনেত্রী জুহি পারমার
ইনস্টাগ্রাম থেকে

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় রাজত্ব করছেন অভিনেত্রী জুহি পারমার। এবার ওটিটির দুনিয়ায় পা রাখলেন তিনি। ওয়েব সিরিজ ‘ইয়ে মেরি ফ্যামিলি’র দ্বিতীয় কিস্তিতে তাঁকে দেখা গেল।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ওটিটি অভিষেক নিয়ে কথা বলেছেন জুহি। তিনি বলেছেন, ‘“ইয়ে মেরি ফ্যামিলি” সিরিজের মধ্য দিয়ে এক নতুন মাধ্যমকে আমি অন্বেষণ করেছি। ওটিটিতে যে ধরনের কাজ আর পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে, তাতে আমি অত্যন্ত খুশি। আরও খুশি এই দুনিয়ার বাসিন্দা হতে পেরে।’ সিরিজে জুহিকে ‘নীরজা আবস্তি’ নামের এক মধ্যবিত্ত নারীর চরিত্রে দেখা গেছে।

নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে এই অভিনেত্রী বলেছেন, ‘আমাকে যখন সিরিজটির প্রস্তাব দেওয়া হয়েছিল, তখনই আমি নীরজার প্রেমে পড়ে গিয়েছিলাম। একাধারে সে স্ত্রী, শিক্ষক, মা, আবার বউমা। চরিত্রটি অত্যন্ত বাস্তবঘেঁষা। এটা এমন এক চরিত্র, যার মধ্যে মেয়েরা নিজেদের খুঁজে পাবেন। সত্যি বলতে, শুরুতে আমি খুব একটা নার্ভাস ছিলাম না; বরং বলতে পারেন যে অত্যন্ত রোমাঞ্চিত ছিলাম। অধীর অপেক্ষায় ছিলাম যে কবে এ সিরিজ মুক্তি পাবে।’ শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা সবাই মিলেমিশে কাজ করতাম। একে অপরের সঙ্গে মিশে গিয়েছিলাম। সব মিলিয়ে সেটে দারুণ সময় কাটিয়েছি।’

অভিনেত্রী জুহি পারমার

জুহি বলেছেন, ‘“ইয়ে মেরি ফ্যামিলি টু” সিরিজে নব্বইয়ের দশকের স্বাদ খুঁজে পাওয়া গেছে। সেই সময়ের দিনগুলো কত সাদামাটা আর সুন্দর ছিল। মানুষের জীবনযাত্রা তখন অনেকটাই আলাদা ছিল। আমি উত্তেজিত ছিলাম, দর্শক আমাকে নতুন এক রূপে দেখতে পেয়েছেন।’

অভিনেত্রী জুহি পারমার

আগামী দিনের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেছেন, ‘আমি ওটিটিতে আরও নতুন কিছু অন্বেষণের অপেক্ষায় আছি। ওটিটিতে যেভাবে বাস্তব চরিত্রগুলোকে তুলে ধরা হচ্ছে, তা আমার দারুণ লাগে।’
নীরজা চরিত্রে অভিনয়ের পর ভূরি ভূরি প্রশংসা কুড়াচ্ছেন জুহি। আগামী দিনে ওটিটিতে আরও নতুন রূপে নিজেকে মেলে ধরতে চান এই অভিনেত্রী।

অভিনেত্রী জুহি পারমার