আবারও ঢাকার সিনেমায় সোমলতার গান

সোমলতা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকার ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘ঢাকা অ্যাটাক’, ‘পায়ের ছাপ’সহ বেশ কিছু সিনেমায় গান করেছিলেন কলকাতার সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। সম্প্রতি ‘কাগজ’ নামে একটি সিনেমার জন্য ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ শিরোনামে নতুন একটি গান করেছেন এই গায়িকা। আবারও বাংলাদেশের সিনেমায় গান করতে পেরে উচ্ছ্বসিত সোমলতা।

বাংলাদেশের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমলতা বলেন, ‘“কাগজ” সিনেমার গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

সোমলতা আচার্য চৌধুরী

‘কাগজ’ সিনেমাটি পরিচালনা করছেন জুলফিকার জাহেদি। গানটির কথাও তাঁর লেখা। গানে কেন সোমলতাকে দরকার হলো জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘আমি বাংলাদেশের অনেকের কথাই ভেবেছিলাম। কিন্তু মনে হলো আমার এই গানের জন্য সোমলতাই ভালো। আগে থেকেই তার সঙ্গে আমার জানাশোনা ছিল। লেখার সময়ও সোমলতার কথা ভেবেই লিখেছিলাম। আমার আস্থা ছিল সে ভালো গাইবে।’

সোমলতা আচার্য চৌধুরী

কলকাতার একটি স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ডিং হয়েছে। গানটির সুর করেছেন অভিজিৎ সরকার আর সংগীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি। সোমলতা ‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলাশেষে’সহ অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। ময়মনসিংহের মুক্তাগাছায় তাঁদের আদি বাড়ি।