‘মাস্টার’ এ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার পেয়েছে
‘মাস্টার’ এ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার পেয়েছে

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) থেকে পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে। শুক্রবার রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। ‘মাস্টার’ এ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার পেয়েছে।

পুরস্কার হাতে তিন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও নাসিরউদ্দিন খান

পুরস্কার জয়ের খবরে উচ্ছ্বসিত সিনেমার টিম। রাতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। অভিনন্দন আমাদের পরিচালক ও পুরো টিমকে। বাংলাদেশের জন্য দারুণ একটি দিন।’ এই পুরস্কার পরিচালকের হাতে তুলে দেওয়া হয়।
অনুভূতি জানাতে গিয়ে পরিচালক রেজওয়ান শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘এটা অনেক বড় সম্মানের। এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। আপনি আমাদের এ ক্যাটাগরির ছবিগুলোর তালিকা দেখলে দেখবেন, সেখানে অনেক ভালো ভালো সিনেমা ছিল। এ তালিকায় জায়গা পাওয়াতেই আমরা আনন্দিত ছিলাম। সেখানে পুরস্কার জয়, স্বপ্নের মতোই লাগছে।’

কী আছে এই ‘মাস্টার’ সিনেমায়? সময়ের প্রয়োজনে একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তৈরি হয় নানা সংকট। নির্বাচনে তাঁর পেছনে যাঁরা সময়, শ্রম ও অর্থ ব্যয় করেন, পরবর্তী সময়ে তাঁদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করেন। সেই সাহায্যপ্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না, আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাঁকে বাধাগ্রস্তও করে। এই দ্বন্দ্ব তাঁকে পরিণত করে ভিন্ন এক মানুষে—এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেওয়ার কারণ হিসেবে জুরি সদস্যরা বলেন, ‘“মাস্টার” মূলত একজন মানুষের নিজের নৈতিকতা ধরে রাখার লড়াইয়ের গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়—ছবিতে তা সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। অসাধারণ ভিজ্যুয়াল, প্রাণবন্ত লোকেশন ও বাস্তবসম্মত পার্শ্বচরিত্রের ভিড়ে প্রধান অভিনেতা দক্ষ অভিনয়ে তুলে ধরেছেন চরিত্রটির ভেতরের দ্বন্দ্ব। শেষ পর্যন্ত ছবিটি ক্ষমতার সর্বগ্রাসী প্রভাবকেই উন্মোচিত করে।’

‘মাস্টার’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দিন খান ও শরীফ সিরাজ

গত ২ ফেব্রুয়ারি রটারড্যামে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়ায়। নির্মাতা সুমিতের সঙ্গে উৎসবে অংশ নেন তিন অভিনয়শিল্পী অভিনেত্রী জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও নাসিরউদ্দিন খান।
প্রিমিয়ারের আগেই যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘কাওয়ানন ফিল্মস’ নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় ছবিটি বাড়তি আলোচনায় আসে। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন চার্লি চ্যাপলিনের নাতনি কারমেন চ্যাপলিন ও প্রযোজক আশিম ভাল্লা।
ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ ও শরীফ সিরাজ। গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই। গত ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব আগামীকাল শেষ হবে। রটারড্যাম উৎসবের সর্বোচ্চ পুরস্কার হিসেবে ধরা হয় ‘টাইগার অ্যাওয়ার্ড’। এ পুরস্কার জিতেছে সাউথ আফ্রিকার সিনেমা ‘ভ্যারিয়েশনস অন আ থিম’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ডেভন ডেলমার ও জেসন জেকবস।