জেকে ১৯৭১ চলচ্চিত্রের একটি দৃশ্যে অভিষেক সিং, শুভ্র সৌরভ দাস ও সব্যসাচী চক্রবর্তী
জেকে ১৯৭১ চলচ্চিত্রের একটি দৃশ্যে অভিষেক সিং, শুভ্র সৌরভ দাস ও সব্যসাচী চক্রবর্তী

‘ছুটির দিনে’র পাতা থেকে বড় পর্দায়

২০১৬ সালে ২ জানুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র ‘ছুটির দিনে’-তে ইফতেখার মাহমুদের ‘দুঃসাহসী সেই ফরাসি মুক্তিযোদ্ধার সন্ধানে’ শিরোনামে একটা প্রতিবেদনে ফাখরুল আরেফিন খানের চোখ আটকে যায়। বাংলাদেশের মুক্তিসংগ্রামে ফরাসি তরুণ জ্যঁ কুয়ের অবদান তাঁর হৃদয়ে নাড়া দেয়। ফাখরুল আরেফিন বলছেন, ‘প্রতিবেদনটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তখনই এটি নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করি।’

ইফতেখার মাহমুদের সঙ্গে যোগাযোগ করে আরও বিশদে সিনেমাটির চিত্রনাট্য দাঁড় করান ফাখরুল আরেফিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। তাঁর দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে। তাহলেই কেবল মুক্তি পাবেন বিমানের সব যাত্রী। এ ঘটনা নিয়েই নির্মিত হয়েছে জেকে ১৯৭১।

পরিকল্পনা ছিল ২০২০ সালে সিনেমাটি নির্মাণ করে ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি দেওয়ার। তবে প্রযোজক না পাওয়ায় ও করোনা মহামারির কারণে থমকে যায় কাজ।

‘জেকে-১৯৭১’ চলচ্চিত্র নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ পরিচালক ফাখরুল আরেফিন খান

জ্যঁ কুয়ে চরিত্রে প্রথমে ফরাসি কাউকে নিতে চেয়েছিলেন নির্মাতা, পরে সেই ভাবনা থেকেও সরে আসেন। ফাখরুল বলছেন, ‘আমি চেয়েছিলাম, এমন একজন চরিত্রটি করবে, যাকে আমি ভালোভাবে নির্দেশনা দিতে পারব। ফ্রেঞ্চ নিজে বুঝি না, ফলে ফ্রেঞ্চ কারও সঙ্গে যোগাযোগ করা একটু মুশকিল। সৌভাগ্যবশত কলকাতায় সৌরভ শুভ্র দাশ নামের একজনকে পেয়ে যাই , তিনি দেখতে অনেকটা ফ্রেঞ্চদের মতো। ১১ মাস ধরে তাঁকে ফ্রেঞ্চ শেখানো হয়েছে। তিনি খুব ভালো করেছেন।’

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমায় পাকিস্তানি পাইলট চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বাংলাদেশের দর্শকেরা চরিত্রটি কীভাবে নেবেন, এটা কি কখনো মনে হয়েছিল? এমন প্রশ্নে তিনি বলেন, ‘কে কী বলবে, এটা কখনো মনে হয়নি। আমাকে একটি কাজ দেওয়া হয়েছিল, করেছি। বিচার আপনাদের দেশের দর্শকেরা করবেন। আমি নিজের কাজ কীভাবে বিচার করব।’

২০১৬ সালে ২ জানুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র ‘ছুটির দিনে’-তে তাঁকে নিয়ে লিখেছিলেন সংবাদকর্মী ইফতেখার মাহমুদ

এতে আরও অভিনয় করেছেন মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড; রুশ অভিনয়শিল্পী ডেরিয়া গভ্রুসেনকো, নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীলসহ ৩৪ শিল্পী।

সিনেমাটি নিয়ে জ্যঁ কুয়ের পরিবারের সঙ্গে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাইলে ফাখরুল আরেফিন বলেন, ‘জ্যঁ কুয়ের এক বন্ধু অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি আমাকে জানিয়েছেন, জ্যঁ কুয়ের তিন মেয়ের মধ্যে দুই মেয়ে বিষয়টি জানেন।’ জ্যঁ কুয়ে ২০১২ সালে মারা গেছেন।

জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছে জেকে ১৯৭১। এর আগে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।