বাঁধনের মতে, জীবনের বিভিন্ন সময় কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। সেই সময় থেকে তিনি নানা অভিজ্ঞতা অর্জন করেছেন। এই মুহূর্ত তাঁকে বদলে দিয়েছে। সেসব উপলব্ধির কথা জানিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে তিনি লিখেছেন, ‘কোনো একটি দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই সবকিছুর শেষ নয়; বরং সেখান থেকেই আরও সুন্দর ও অর্থবহ নতুন সম্ভাবনার শুরু হতে পারে।’
বাঁধন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন অসংখ্য নতুন দরজা খুলে দেন সৃষ্টিকর্তা—যেগুলো অনেক সময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর ও অর্থবহ। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি করি।’
এই অভিনেত্রী এটাও মনে করেন, জীবনের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে কখনো কখনো বহু মুহূর্তকে শেষ বলে মনে হয়, অথচ সেগুলোই কখনো কখনো অসাধারণ কিছুর সূচনা করে। তাঁর ভাষায়, ‘যখনই মনে হয়েছে জীবনের একটি অধ্যায় শেষ হয়ে গেছে, তখনই নতুন সুযোগ, নতুন অভিজ্ঞতা এবং আরও বড় কিছুর ওপর বিশ্বাস রাখতে পেরেছি।’
তাই এখন থেকে বাঁধন আরও বেশি কৃতজ্ঞ থাকা, শান্ত থাকা ও বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, নিজের জীবন তাঁকে দেখিয়েছে, কত সুন্দরভাবে একটি গল্পের মোড় বদলে যেতে পারে। এই নিয়ে বাঁধন লিখেছেন, ‘এই যাত্রা, জীবনের শিক্ষা, অপ্রত্যাশিত আশীর্বাদ এবং এখনো লেখা বাকি থাকা সুন্দর অধ্যায়গুলোর জন্য আলহামদুলিল্লাহ।’
ক্যারিয়ারের বিভিন্ন সময় বাঁধনের কাছে মনে হয়েছিল, হয়তো তিনি আর বেশি দূর যেতে পারবেন না। কিন্তু সেই সময়গুলো তাঁকে প্রত্যাশার চেয়ে বেশি কিছু দিয়েছে। যে কারণে তিনি সব সময় ধৈর্য ধরতে চান। তিনি লিখেছেন, ‘জীবনের এমন অনেক মুহূর্তে সত্যিই মনে হয়েছিল, এটাই শেষ। কিন্তু পরে উপলব্ধি করেছি, সেসব মুহূর্ত আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে, যা আমি তখন পর্যন্ত ভাবিনি, হয়তো কখনো কল্পনাও করেননি।’
সবশেষে বাঁধন লিখেছেন, ‘এই যাত্রা, জীবনের শিক্ষা, অপ্রত্যাশিত আশীর্বাদ এবং এখনো লেখা বাকি থাকা সব সুন্দর অধ্যায়ের জন্য আলহামদুলিল্লাহ।’
আজমেরী হক বাঁধন গত ৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হন। সেই সময় তিনি নতুন করে আলোচনায় আসেন। ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর প্রদর্শনীতে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে পার্কে হামলার শিকার হন বাঁধন। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি।