নতুন সিনেমার প্রাথমিক পোস্টার ও তানিম নূর। কোলাজ
নতুন সিনেমার প্রাথমিক পোস্টার ও তানিম নূর। কোলাজ

‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’–এর পর নতুন কী নিয়ে আসছেন তানিম নূর

নিজের ফেসবুকের স্টোরিতে গত বুধবার সন্ধ্যায় একটি ছবি দেন নির্মাতা তানিম নূর। একটা বন্ধ দরজা, তার ওপর লেখা ‘মজনু এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটার তানিম নূর’। কেবল তিনিই নন, কিছুক্ষণের মধ্যেই নির্মাতা ও সম্পাদক সালেহ সোবহান অনীম, চিত্রনাট্যকার নির্মাতা আয়মান আসিব স্বাধীনও নিজেদের স্টোরিতে ছবিটি আপলোড দেন। গত মাসেই তানিম নূর এই প্রতিবেদককে জানিয়েছিলেন, আগামী বছর নিজের সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে কি এটাই সেই সিনেমা? যোগাযোগ করতেই মিলল সত্যতা। ২০২৭ সালে ‘মজনু এন্টারপ্রাইজ’ নিয়ে আসছেন তানিম নূর। ‘হ্যাঁ, এটা হতে যাচ্ছে আমার নতুন সিনেমা। মুক্তির দিন ঠিক করিনি। তবে ২০২৭ সালেই আসবে,’ গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন নির্মাতা।

২০২৫ ও ২০২৬ সালের ঈদে তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। দুটি সিনেমাই উপন্যাস (চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল ও হুমায়ূন আহমদের কিছুক্ষণ) অবলম্বনে নির্মিত হয়েছিল। তবে এবার মৌলিক গল্প নিয়ে আসছেন তিনি। তানিম নূর বলেন, ‘এবার আমি ডিটেকটিভ গল্প নিয়ে আসছি।’ এর বেশি কিছু তিনি বলতে চাননি।

এই প্রতিবেদককে এর আগেই গোয়েন্দা গল্প ও ডিটেকটিভ সিনেমা নিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন। তানিম নূর পরিচালিত সেই ঘরানার সিরিজ কাইজার মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নানা জটিলতায় সিরিজটির দ্বিতীয় মৌসুম আর আসেনি। তবে নির্মাতা জানালেন, ‘কাইজার’ নয়, পুরোপুরি নতুন এক গোয়েন্দা নিয়ে আসছেন তিনি।

নিজের পরিচালিত সিনেমা ছাড়াও আগামী বছর তানিম নূর প্রযোজিত সিনেমাও মুক্তি পাবে। ২০২৭ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটির প্রধান দুটি চরিত্র করছেন শরীফুল রাজ ও সাবিলা নূর।