‘প্রেশার কুকার’ ছবির পোস্টার
‘প্রেশার কুকার’ ছবির পোস্টার

‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ…ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল’

ঢালিউডের আলোচিত নির্মাতা রায়হান রাফী নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে আবারও ঈদের সিনেমার দৌড়ে।

‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের আস্থা অর্জন করা এই নির্মাতা এবার হাজির হচ্ছেন এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে।

শনিবার সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে। তবে নির্মাতা এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। সামাজিকমাধ্যমে ভিডিওটি শেয়ার করে লেখা হয়—‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ…ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।’

তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছবির আদলে তৈরি করা হয়েছে ‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা থেকে সরে এসে চার নারীর গল্পকে কেন্দ্র করে চিত্রনাট্য সাজিয়েছেন রাফী। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

প্রকাশিত ‘ফার্স্ট হুইসেল’-এ চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীকেও। তাঁদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার

ভিডিওটির পুরো আবহে শোনা যায় চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তিনি আবৃত্তি করেন পরিচিত ছড়ার লাইন— ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই।’ এই আবৃত্তি ও রহস্যময় আবহ মিলিয়ে টিজারটি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্পই তুলে ধরা হবে ‘প্রেশার কুকার’-এ। রাফীর কথায়, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।

‘প্রেশার কুকার’ সিনেমার আরেকটি পোস্টার

এর আগে প্রকাশিত পোস্টারেও চার নারী চরিত্রকে সামনে এনে সিনেমাটি নিয়ে আলোচনার জন্ম দেন নির্মাতা। সেই পোস্টেই তিনি জানান, নিজের প্রথম প্রযোজিত এই সিনেমাটি উৎসর্গ করছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।

রাফী বলেন, ‘তারেক মাসুদকে দেখেই সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি। তিনি আমার গুরুতুল্য। তাই আমার প্রথম প্রযোজিত ছবিটি তাঁকে উৎসর্গ করাটা বিশেষ অর্থ বহন করে।’ ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত ‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’ প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।