‘দুই সন্তান’সহ কেন ছবি দেখতে চান পরীমনি

মা পরীমনির কোলের তাঁর সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

‘দুই সন্তানকে নিয়ে ‘মা’ ছবিটি দেখতে চান পরীমনি’ এমন কথায় যে কেউই চমকে যাবেন। কারণটাও যে সবারই জানা, চিত্রনায়িকা পরীমনি যে এক সন্তানের মা। তাহলে আরেক সন্তানের কথা কোথা থেকে এল। সেই ব্যাখ্যা জানতে হলে অবশ্যই পরীমনির ফেসবুক পোস্টে খেয়াল রাখতে হবে। সেখানেই পরীমনি এই দুই সন্তানের ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন, একটি তাঁর নিজের সন্তান অন্যটি পর্দার সন্তান, ‘মা’ সিনেমায় যে ছোট্ট শিশুটিকে পরীমনির সন্তানের চরিত্রে দেখা গেছে।

নিজের সন্তান ও পর্দার সন্তানকে নিয়ে ‘মা’ ছবিটি দেখার ব্যবস্থা করতে ছবিটির পরিচালক অরণ্য আনোয়ারের কাছে অনুরোধ জানিয়েছেন পরীমনি। পরীমনি যখন মা সিনেমার শুটিং করছিলেন, তখন তিনি অন্তঃসত্ত্বা।

‘মা’ সিনেমার পোস্টার

আর মা সিনেমায় পরীমনির সন্তানের চরিত্রে যে ছিল, তার বয়স সাত মাস। পরীমনি জানালেন, এই ছোট্ট শিশুটি মা হওয়ার আগে অন্য রকম একটা অনুভূতি দিয়েছে তাঁকে। ঢালিউডের এই অভিনেত্রীকে সেই সাত মাস বয়সী শিশুটি বেঁধেছে মায়ার বাঁধনে।  

সাত মাস বয়সী এই ছোট্ট শিশুটিকে দেখার ইচ্ছা হয়েছে পরীমনির। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সেই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। নিজের সন্তান রাজ্য এবং ওই শিশুটিকে নিয়ে দেখতে চান মুক্তি প্রতীক্ষিত ‘মা’ ছবিটি। আজ শনিবার সকালে ফেসবুকে শুটিং সময়ের একটি ভিডিও শেয়ার করে এমন ইচ্ছার কথা জানান পরীমনি। সেখানে দেখা যায় পরীমনির কোলে সেই শিশুটি তাকিয়ে রয়েছে তাঁর দিকে। এই ভিডিওটা সিনেমার শুটিংয়ের শেষের দিকের। ভিডিওটিতে পরীমনিকে বলতে শোনা যায় যে শুটিংয়ের শেষের দিকে এসে তাঁকে মায়া লাগাচ্ছে শিশুটি।

এই ভিডিওর ক্যাপশনে তিনি ‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট উল্লেখ করে শিশুটিকে পরিচয় করিয়ে দেন। সে সময় তার মধ্যে যে আরেকটি সন্তান বড় হচ্ছিল, সে কথাও বলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘রাজ্য তখন আমার পেটে। এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে।’ এরপর পরিচালকের কাছে এই তাঁর নিজের সন্তান এবং পর্দার সন্তানকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো দেখার আবদার করেন।  

‘মা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। অরণ্য আনোয়ারের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন। চলছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। উৎসবের মার্শে দ্যু ফিল্ম শাখায় গতকাল শনিবার সেখানকার স্থানীয় সময় সন্ধ্যায় প্রিমিয়ার হয় অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবিটি। ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।