পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৩ মার্চ পর্যন্ত
পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৩ মার্চ পর্যন্ত

৯৬ প্রামাণ্যচিত্র নিয়ে লিবারেশন ডকফেস্ট

৪০ দেশের ৯৬টি প্রামাণ্যচিত্র নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে মুক্তি ও মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব একাদশতম লিবারেশন ডকফেস্ট ২০২৩ শুরু হচ্ছে আগামীকাল। পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৩ মার্চ পর্যন্ত।

আগামীকাল বিকেল সাড়ে চারটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। উদ্বোধনী পর্বে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস পরিচালিত ‘থিংস আই কুড নেভার টেল মাই মাদার’ প্রদর্শিত হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, জমাকৃত ছবিগুলো থেকে যাচাই–বাছাইয়ের পর ৪০ দেশের সেরা ৯৬টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। উৎসবের মূল আয়োজন আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে হলেও পাশাপাশি বাংলাদেশ ফিল্ম আর্কাইভেও এই উৎসবের ছবি প্রদর্শন ও অন্যান্য আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের স্মৃতি স্মারকের প্রদর্শনী রয়েছে। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। প্রদর্শনীতে সহযোগিতা করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
এবারের উৎসবের সিঙ্গাপুরের খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা তান পিন পিনের চারটি ছবি প্রদর্শিত হবে। পাশাপাশি উৎসবের আন্তর্জাতিক বিভাগের জুরিপ্রধান হিসেবে তিনি ১১ মার্চ ঢাকায় আসবেন।

এবার আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র বিভাগে স্পেন, চীন, ইরান, সিরিয়া, পাকিস্তান ও ভারত থেকে মানবাধিকারবিষয়ক সাতটি প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। এ বিভাগে বিচারক হিসেবে আছেন সিঙ্গাপুরের প্রামাণ্যচিত্র নির্মাতা তান পিন পিন, ফরাসি পরিচালক লিও ডেক্লোজো এবং বাংলাদেশি কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ।
আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় প্রতিযোগিতা বিভাগে থাকছে আবদুল্লাহ আল মাসুদ, মেহজাদ গালিব, শামীম আলামিন, ফাখরুল আরেফিন খান ও আনুশা আলমগীরের পাঁচটি নির্বাচিত প্রামাণ্যচিত্র। জাতীয় বিভাগে বিচারক হিসেবে থাকবেন চিত্রনাট্যকার ও পরিচালক নুরুল আলম আতিক, লেখক ও অনুবাদক জি এইচ হাবিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান।

এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরে ১০ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালা। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা নীলোৎপাল মজুমদার, রণজিৎ রায় ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব এই কর্মশালা পরিচালনা করবেন। এবারের উৎসবে ১১ মার্চ চলচ্চিত্র অভিনেতা রাইসুল ইসলামের সঙ্গে মাস্টারক্লাস রয়েছে।
উৎসবে প্রদর্শিত প্রামাণ্যচিত্রগুলো সরাসরি দেখতে দেশের ও বিদেশি আগ্রহী দর্শকেরা লিবারেশন ডকফেস্টের ওয়েবসাইট https://liberationdocfestbd.org/ এ নিবন্ধন করতে পারবেন। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এবারের উৎসব, কর্মশালা ও প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকা ডকল্যাব ও কসমস ফাউন্ডেশন।