ঈদে মুক্তি পেয়েছে সাইমন সাদিক অভিনীত ‘লাল শাড়ি’। সিনেমাটি যখন দেশের প্রেক্ষাগৃহে চলছে, তখন গ্রামে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাইমন। কোনো হলে তাঁকে দেখা যায়নি। গতকাল থেকে শুরু করেছেন ‘শেষ বাজি’র শুটিং। ঈদের সিনেমা ও নতুন কাজ নিয়ে গত সোমবার বিকেলে তাঁর সঙ্গে কথা বলল ‘বিনোদন’

কেমন আছেন?
ভালো আছি। কিন্তু কিছুটা খারাপ লাগছে। আজ ঢাকায় ফিরতে হচ্ছে। কাল থেকে শুটিং শুরু। আবার ব্যস্ততা।
‘লাল শাড়ি’ সিনেমাটি নিয়ে আপনার কতটা প্রত্যাশা ছিল?
আমাদের সিনেমাটির হলসংখ্যা কম ছিল। কিন্তু টিকিটের চাহিদা বেশি ছিল। অনেক জায়গা থেকেই পরিচিতজন, কিছু বড় ভাই ভাবিদের নিয়ে টিকিট না পেয়ে আমাকে ফোন দিয়েছেন। আবার কিছু মাল্টিপ্লেক্স শো থাকার কথা থাকলেও অনেকেই সিনেমা না দেখেই ফিরে এসেছেন। সব মিলিয়ে সিনেমাটির চাহিদা আছে। যাঁরা দেখেছেন, তাঁরা ভালো বলেছেন। আগামী সপ্তাহ থেকে আরও বেশি দর্শক সিনেমাটি দেখতে পারবেন। তখন হয়তো আরও ভালো লাগবে।
হলসংখ্যা হয়তো আরও বেশি পেতে পারত সিনেমাটি, সেই জায়গা থেকে কোনো অভিমান আছে?
এখন সিনেমা মুক্তির আগে থেকেই প্রযোজনা প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরালো থাকে। আগে থেকে অনেক কিছু মেইনটেইন করতে হয়। সেখানে ‘লাল শাড়ি’ হুট করেই ঈদের সিনেমায় ইনভলব হওয়ায় হয়তো হলসংখ্যা কম। সবকিছু ম্যানেজ করতে গিয়ে প্রযোজক হল বাড়াতে পারেননি। তবে সামনের সপ্তাহ থেকে যদি হলসংখ্যা বাড়ে, তাহলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে। কারণ, এখন দর্শক হলমুখী। যাঁরা আমার ও অপুর অভিনয় দেখেছেন, তাঁরা প্রশংসা করেছেন।
সিনেমাটি নিয়ে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলবেন?
আমাকে যাঁরাই ফোন দিয়েছেন বা বেশ কিছু রিভিউতেও দেখলাম, দর্শকেরা একই কথা বলছেন, ‘সাইমন চরিত্রটি ধারণ করতে পেরেছে।’ আমাকে নায়ক মনে হয়নি। ভক্তদের এই মন্তব্য ভালো লেগেছে।
সিনেমা নিয়ে প্রচারণাতেও কম দেখা যাওয়ার কারণ কী?
আমি সব প্রচারণাতেই ছিলাম। টিভি শো, প্রেস কনফারেন্স—সব কটিতেই আমি অ্যাটেন্ড করেছি। শুধু মুক্তি-পরবর্তী সিনেমা হলে যাওয়া হয়নি। সেটা আমি গ্রামে থাকার কারণে আসতে পারিনি।
ঈদের সিনেমার নায়কেরা অনেকেই তো হলে যাচ্ছেন, ভক্তদের সঙ্গে দেখা করছেন...
অনেকেই অনেক কিছু করছেন। সবাই তো সবকিছু করেন না। সবাই গ্রামে যান না, আমি গ্রামে যাই। ঈদে গ্রামে থাকব, এটা আমার বরাদ্দ। অনেকের ওই নাড়ির টান নেই, আমার আছে। এটা নিশ্চয় খারাপ কিছু নয়। আমার টিম হলে হলে যাচ্ছে। আমি গ্রামে থাকায় যেতে পারিনি। এটা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো অভিযোগ নেই। তাদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে।
গ্রামে কীভাবে সময় কাটালেন?
২৫-২৬ বছর ধরে আমরা বন্ধুরা মিলে ঈদে গ্রামে ঘুরে ঘুরে আড্ডা দিই। এবার অন্যের গাছ থেকে পাকা কাঁঠাল পেড়েছি, মাছ ধরেছি, সাইকেল চালিয়েছি। আমরা সারা রাত গ্রামে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করে ভোরে ঘুমাতে যেতাম। কাল থেকে আমার শুটিং না থাকলে আমি ঢাকায় ফিরতাম না। ঢাকায় ফিরছি মনটা খারাপ নিয়ে। গাড়ির পেছনে দুই ছেলের মন খারাপ। বড় ছেলে বলছে, ঢাকায় ফিরতে ভালো লাগছে না, ছোটটা বাড়ি মিস করছে। তাদের অভিযোগ, কেন আমি ঢাকায় যাচ্ছি। সিনেমা আমার নেশা ও পেশা, যে কারণে ফিরতে হচ্ছে। আত্মতৃপ্তির জায়গা হচ্ছে বাড়িতে থাকা। আত্মতৃপ্তিকে প্রাধান্য দিতে হবে।
অন্যের গাছ থেকে কাঁঠাল....
হ্যাঁ, হ্যাঁ। আমাদেরই আত্মীয়স্বজনের গাছ। দাওয়াত দিয়ে কাঁঠাল খাওয়াল। পরে আমরা পেড়েও খেয়েছি। এখন এভাবে বলা যায় না, কাঁঠাল চুরি করে খেয়েছি। কিন্তু কাঁঠাল চুরি করে খাওয়ার মজাটা অন্য রকম। আমরা বন্ধুবান্ধব মিলে এবার অন্য রকম সময় কাটিয়েছি। আমি যত দিন থাকি, এই সময়ে বন্ধুবান্ধব শ্বশুরবাড়িতে যায় না। প্রতিদিনই বন্ধুদের বলি, কাল ঢাকা যাব। প্রতিদিনই তারা শ্বশুরবাড়ি যাওয়ার পরিকল্পনা করে। এভাবে তিন-চার দিন ধরে বলছি। এদিকে ঈদের ছুটি চলে যাচ্ছে। গতকাল এক বন্ধু বলল, তার বউ তাকে ছেড়েই বাপের বাড়ি চলে গেছে। সব নিয়ে গ্রামে অনেক মজা হয়। কৃতজ্ঞতা বন্ধুদের কাছে। গ্রামটা আমাকে খুবই টানে। এখনো ছোট ছেলেদের মতো ঢাকায় আসতে মন খারাপ হয়।
কোন সিনেমার শুটিং?
গতকাল থেকে ‘শেষ বাজি’ সিনেমার শুটিং শুরু করব। এরপর এ মাসেই ‘মায়া’ সিনেমার শুটিংও শেষ করব। নতুন কিছু কাজ করার কথা সেগুলো নিয়ে বসব।
সাক্ষাৎকার: মনজুরুল আলম, ঢাকা