ব্যায়ামের ছবি পোস্ট করে ভাবনা লিখেছেন...

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ফেসবুকে খুবই সক্রিয়। নিজের আঁকা ছবি, ঘুরতে যাওয়াসহ যাপিত জীবনের অনেক বিষয়ই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। আজ যেমন তিনি দিয়েছেন ব্যায়ামের ছবি। বাসার ছাদে ব্যায়ামের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বুধবারের প্রেরণা’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ভাবনা সম্পর্কে কিছু তথ্য।

এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করলেও বাবা হাবিবুল ইসলামের কোনো সিনেমায় কাজ করা হয়নি অভিনেত্রী ভাবনার। তাঁর বহুদিনের ইচ্ছা ছিল, বাবার পরিচালনায় অভিনয় করবেন। অবশেষে সে ইচ্ছা পূরণ হতে হয়েছে। অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’-এ বাবার পরিচালনায় অভিনয় করছেন তিনি
ছবি : ফেসবুক
২২ নভেম্বর থেকে রাজবাড়ীর লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং
পেশায় অভিনয়শিল্পী। এর বাইরেও আলাদা একটা গুণ আছে আশনা হাবিব ভাবনার। অভিনয়ের ফাঁকে ফাঁকে ক্যানভাসে নানা ধরনের ছবি আঁকেন তিনি। নিজের আঁকা ছবি বিক্রি করে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ভাবনা
এর আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বড় পর্দায় নানা ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান
ভাবনা নিয়মিতই ছবি আঁকেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আমি শেষবার পেনসিল ধরেছিলাম। এরপর আর পেনসিলই ধরিনি। পৃথিবীর যে দেশে গেছি, ছবির গ্যালারিতে ঢুঁ মেরেছি। ছবি সংগ্রহ করেছি, পছন্দের পেইন্টারের ছবি কিনেছি। দেশের বাইরে গেলে মূল লক্ষ্যই থাকে থিয়েটার দেখা ও পেইন্টিং গ্যালারিতে যাওয়া। ছবি আঁকা আমার পছন্দ। কিন্তু আমি কীভাবে ছবি আঁকি, নিজেও জানি না। এটি আমার জন্য মিরাকল, জাদু মনে হয়। করোনাকালে পাওয়া আমার সেরা মিরাকল গিফট এটি।’
২০১৭ সালে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় ভাবনার
এরপর গত বছর তাঁকে দেখা যায় নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়