জন্মের পর প্রথম ঈদ, রাজ্যকে কী কিনে দিলেন পরীমনি

প্রথম আলোয় পরীমনি ও রাজ্য
ছবি : খালেদ সরকার

মা হওয়ার পর এবারই প্রথম ঈদ উদ্‌যাপন করবেন পরীমনি। রাজ্যর প্রথম ঈদকে ঘিরে পরীমনি–শরীফুল রাজ দম্পতির আনন্দের কমতি নেই। প্রথম ঈদে রাজ্যকে কী উপহার দিলেন তাঁরা? ঈদে সন্তানকে নিয়ে বিশেষ কোনো আয়োজন করছেন কি না, জানতে ভক্ত–দর্শকের আগ্রহের কমতি নেই।

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে সন্তানসহ কলকাতায় আছেন পরীমনি। কলকাতা থেকে গত বৃহস্পতিবার দুপুরে হোয়াটসঅ্যাপে রাজ্যকে নিয়ে ঈদের পরিকল্পনা জানান পরীমনি।

প্রথম আলোকে পরী জানান, ঈদের দিন বাবা শরীফুল রাজের সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবি, সাদা টুপি ও জুতা পরবে আট মাস বয়সী রাজ্য।

রাজ্যকে নিয়ে পরীমনি

এরই মধ্যে দেশে সব কেনাকাটা শেষ করেছেন পরীমনি। দেশের বাইরেও কেনাকাটা করবেন। জন্মের পর সন্তানের প্রথম ঈদ। তাই ঈদের আগে আগে পরীর মনে রাজ্যকে ঘিরে একটা সাজ সাজ রব কাজ করছে। এবারের ঈদটি একেবারই অন্য রকম হবে ঢাকাই ছবির নায়িকা পরীমনির কাছে।

পরীমনি বলেন, ‘জন্মের পর রাজ্যর প্রথম ঈদ এটি। আত্মীয়স্বজনের কাছ থেকে প্রচুর উপহার পেয়েছে সে। কিন্তু রাজ্য তো আমার প্রথম সন্তান। আমি আলাদা করে নিজ হাতে তার জন্য সাদা রঙের পায়জামা, পাঞ্জাবি, জুতাসহ অনেক কিছু  কিনেছি। শুধু রাজ্যর জন্যই নয়, আমার বাসা ও শ্বশুরের বাসার সবার জন্যই কেনাকাটা করেছি। ঈদের দিন সকালে নিজ হাতে রাজ্যকে সাজাব। সে প্রথমবার টুপি–পাঞ্জাবি পরবে। ইশ! কেমন যে লাগবে তাকে, ভাবছি! সারা দিন লোকজন আসবে বাসায়। সবার কোলে কোলে সারা বাড়ি ঘুরবে রাজ্য। রাজ্যর কারণে এবার আমাদের বাসায় ঈদের আনন্দ দ্বিগুণ হবে।’

পরীমনি আরও বলেন, ‘রাজ্যর জন্য জুতা কেনার সময় একটু চিন্তাভাবনা করে কিনেছি। পারফেক্ট সাইজ না কিনে এক সাইজ বড় কিনেছি। কারণ, ছোট মানুষ, ব্যথাও তো লাগতে পারে, বলতে তো পারবে না।’

কলকাতায়ও রাজ্যর জন্য ঈদের কেনাকাটা করছেন বলে জানান পরীমনি, ‘কলকাতায় এসেছি। এখানেও রাজ্যর জন্য ঈদের কেনাকাটা করব। এখনই শপিংয়ে বের হচ্ছি।’
ঈদের দিন রাজ্যকে নিয়ে কোথাও ঘুরতে বের হবেন কি না, জানতে চাইলে পরী বলেন, ‘ঢাকায় রাজের সঙ্গে ফোনে কথা হয়েছে।

সে ঈদের দিন আমার ও রাজ্যর জন্য বিশেষ কী যেন আয়োজন করেছে। কী আয়োজন করেছে, অনেক করে তার কাছে জানতে চাইলাম, বলছে, না, এখনই না। সারপ্রাইজ দেবে নাকি! রাজ্যর প্রথম ঈদ নিয়ে রাজও এক্সাইটেড। এখন ঢাকায় ফিরেই জানতে পারব, কী চমক অপেক্ষা করছে আমার আর রাজ্যর জন্য।’