
অভিনেত্রী মৌসুমী হামিদ মঙ্গলবার রাতে ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সেই সব দিনের রঙে রঙিন হোক আমাদের বাংলাদেশ।’ সরকারি অনুদানে তৈরি ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রটির কাজ শেষ হয়েছে। পেয়েছে সেন্সর বোর্ডের অনুমোদন। হৃদি হক পরিচালিত এই ছবির প্রচারণাও শুরু হয়েছে। তৈরি হয়েছে হাতে আঁকা পোস্টার ও ব্যানার। ঢাকার আদাবর এলাকার একটি স্টুডিওতে আজ সন্ধ্যায় হাতে আঁকা পোস্টার ও ব্যানার উন্মোচন উপলক্ষে চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীরা একত্র হন।
এক যুগ আগে থেমে গেছে হাতে আঁকা সিনেমার পোস্টার, ব্যানারের চল। সিনেমার পোস্টার, ব্যানার এখন তৈরি হচ্ছে মেশিনেই। রংতুলিতে ব্যানার, পোস্টারের হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যের কথা চিন্তা করেছে ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রের টিম।
যোগাযোগ করে জানা গেছে, ব্যানারটি এঁকেছেন শিল্পী মোহাম্মদ শোয়েব। মুঠোফোনে প্রথম আলোকে তিনি জানালেন, টানা সাত দিন লেগেছে এটি আঁকতে। তিনি এর আগে ‘অপারেশন সুন্দরবন’ ছবির ব্যানার ও পোস্টারও এঁকেছিলেন।
এ উদ্যোগ প্রসঙ্গে ছবিটির নির্মাতা হৃদি হক সংবাদমাধ্যমকে বলেন, ‘হাতে আঁকা ব্যানার ও পোস্টারের মাধ্যমে আমরা চেয়েছি আমাদের শিকড়ের মানুষদের সম্মান দিতে। একই সঙ্গে ছবিটির প্রেক্ষাপটের সঙ্গেও এটি মানানসই। তাই আমরা তাঁকে খুঁজে বের করে তাঁর কাজটিই করার জন্য যখন অনুরোধ করি। তিনি খুবই অবাক হলেন। ভীষণ গুণী একজন শিল্পী। অথচ নিভৃতচারী। কাজটি করতে গিয়ে যেন বারবার নস্টালজিক হয়ে পড়ছেন।’
সিনেমাটি নিয়ে হৃদি হক আরও বলেন, যেহেতু ছবিটার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। তাই খুব স্বাভাবিকভাবেই এর ক্যানভাসটাও বড়। ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।
সিনেমাটির মূল গল্প ভাবনা ইনামুল হকের। তাঁরই কন্যা হৃদি হক ছবিটি নির্মাণ করলেন। ২৯ মে অভিনেতা, নির্দেশক, নাট্যকার ইনামুল হকের জন্মদিন। এদিন ঢাকার শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ ছবির শুটিং ঠাকুরগাঁও জেলার একটি গ্রাম থেকে এর শুটিং শুরু হয়। ছবিটিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, মৌসুমী হামিদ, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন হৃদি হক।