মোল্লা সাগরের ৪ প্রামাণ্যচিত্র প্রদর্শনী আজ। কোলাজ
মোল্লা সাগরের ৪ প্রামাণ্যচিত্র প্রদর্শনী আজ। কোলাজ

মোল্লা সাগরের ৪ প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রামাণ্যচিত্র নির্মাতা মোল্লা সাগরের চার প্রামাণ্যচিত্রের প্রদর্শনী করছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী হবে।
প্রামাণ্যচিত্র ‘দুধ কয়লা’ দিয়ে শো শুরু হবে, এরপর ‘গঙ্গা বুড়ি’, ‘সাইরেন’ ও ‘দাদু’ দেখানো হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

বেঙ্গল ফাউন্ডেশন বলছে, এসব প্রামাণ্যচিত্রে ফুলবাড়ী কয়লা আন্দোলন থেকে শুরু করে শ্রমিক সংগ্রাম, বুড়িগঙ্গার বহমান জীবনধারা ও শতবর্ষী এক মানুষের অভিজ্ঞতা উঠে এসেছে।
মোল্লা সাগর গতকাল প্রথম আলোকে বলেন, ‘এসব প্রামাণ্যচিত্র এ সময়ের সঙ্গে প্রাসঙ্গিক। বিষয়টি বিবেচনা করে প্রদর্শনীর জন্য চারটি কাজ নির্বাচন করেছি।’

মোল্লা সাগর। নির্মাতার সৌজন্যে

২০০৬ সালের ফুলবাড়ী কয়লা আন্দোলন নিয়ে ‘দুধ কয়লা’, বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে ‘গঙ্গা বুড়ি’, পাটকল শ্রমিকদের নিয়ে সাইরেন ও ‘চারুকলার দাদু’ নামে পরিচিত মোমিন আলী মৃধাকে নিয়ে দাদু নির্মাণ করেন মোল্লা সাগর।

২০০২ সালে ও পাখি দিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে অভিষেক ঘটে মোল্লা সাগরের। ঋত্বিক ঘটকের জন্মভিটার খোঁজে ‘ভবের হাট’ নির্মাণ করেন তিনি। এর বাইরে তাঁর ‘বাদা’, ‘অবধূত’, ‘চা’সহ বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।