
উপস্থাপক মৌসুমী মৌ বসে আছেন নায়কের জন্য। নায়িকা হাজির, কিন্তু নায়কের দেখা নেই। মৌসুমী মৌয়ের ভাষ্যমতে, তিনি এখন কোনো ‘সিন্ডিকেট’-এ নেই। তাঁকে নাকি সবাই ‘বুকের বাঁ-পাশে’ রাখে। তাঁর জন্য অনেক নারী ‘পুনর্জন্ম’ পেতে রাজি। কারণ, তাঁকে দেখলেই ‘বুক চিন চিন করে’...।
পাঠক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, কার জন্য অপেক্ষা করছিলেন মৌসুমী মৌ। কিন্তু নায়ক যদি ‘সুড়ঙ্গ’ থেকে বের না হন, তাহলে নায়কের মুখে ‘সুড়ঙ্গ’-এর গল্প না শুনে কীভাবে দর্শকেরা সিনেমা হলে প্রবেশ করবেন? মৌয়ের চেহারায় চিন্তার ভাঁজ বাড়তে থাকে।
হঠাৎই সামনের চেয়ারে হুডি পরে বসে থাকা একজনের কাছ থেকে কথা ভেসে আসে, ‘মৌ, তুমি কি কোনো কারণে আমার কথা বলছ?’
বলতে বলতেই ঢেকে রাখা মুখ থেকে হুডিটি সরিয়ে ফেলেন মানুষটি। তিনি আর কেউ নন, সময়ের আলোচিত অভিনেতা, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়ক আফরান নিশো।
উপস্থাপক তৃপ্তির হাসি হাসেন। কারণ, নিশোর পাশেই বসে আছেন তরুণ মেধাবী অভিনেত্রী তমা মির্জা, ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা। তারপর তিনজনের খুনসুটির মাধ্যমেই শুরু হয় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে প্রথম আলো ডটকম আয়োজিত বিশেষ আনন্দ আড্ডা ‘ওয়ালটন ফ্যান তারার ঈদ’।
মৌসুমী মৌয়ের উপস্থাপনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়ক আফরান নিশো ও নায়িকা তমা মির্জার অংশগ্রহণে এ পর্বটি প্রচারিত হয় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলো ডটকম, প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা হিসেবে অনেক দিন ধরেই সবার মধ্যে জল্পনাকল্পনা চলছিল ‘সুড়ঙ্গ’ নিয়ে।
প্রথম সিনেমায় নিশোর নায়িকা হওয়ার অনুভূতি জানতে চাইলে তমা মির্জার সরল স্বীকারোক্তি, ‘আফরান নিশোর মতো বড় অভিনেতার প্রথম সিনেমাতেই নায়িকা হওয়ার সুযোগ পাওয়া, সত্যিই ভাগ্যের ব্যাপার। “সুড়ঙ্গ” সিনেমায় মাসুদকে পাওয়া মানে ময়নার জন্য অনেক বড় একটা ব্যাপার। একজীবনে আমি যত কাজ করব, “সুড়ঙ্গ” সিনেমা আমাকে অভিনয়ের জন্য সবটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছে বলে আমার মনে হয়।’
কথার রেশ থাকতেই আফরান নিশো বলেন, ‘তমা মির্জাসহ আমরা সবাই ভীষণ কষ্ট করে “সুড়ঙ্গ” তৈরি করেছি। আশা করি দর্শক আমাদের ভালোভাবে গ্রহণ করবেন।’
উপস্থাপক মৌ এরপর অভিনেত্রী তমা মির্জার পজিটিভ-নেগেটিভ বিষয় সম্পর্কে জানতে চান। নিশো বলেন, ‘তমা কাজের প্রতি খুবই আন্তরিক ও সৎ। কঠোর পরিশ্রমীও সে। অনেকের ধারণা, নায়িকারা খুব আরামে থাকে। তমা মির্জার ব্যাপারে বিষয়টা একবারেই যায় না।’
এবার আফরান নিশো সম্পর্কে তমা মির্জা বলেন, ‘অভিনয়ের সময় নিশো খুব ঠান্ডা থাকেন। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করেন না। আর আফরান নিশো একটু বেশিই চুপচাপ—এটাই আমার কাছে মনে হয় তাঁর নেগেটিভ দিক!’ বলেই হেসে ফেলেন তমা মির্জা।
এরপর মৌসুমী মৌ বলেন, ‘“সুড়ঙ্গ” সিনেমাটির শুটিং করতে দুই থেকে আড়াই মাস সময় লেগেছে বলে আমরা জেনেছি। গরমের মধ্যে হয়েছে শুটিং, অনেক কষ্ট করেছেন। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?’
আফরান নিশো বলেন, ‘সিনেমার গল্পটা অসাধারণ। সঙ্গে রায়হান রাফির মতো একজন পরীক্ষিত পরিচালক। তবে আমি শুটিংয়ের অন্য বিষয়গুলো নিয়ে চিন্তায় ছিলাম। আমি যে টিমটা পেয়েছি, তারা খুবই ভালো ছিল। “সুড়ঙ্গ” সিনেমার জন্য বিদেশ থেকে সম্পূর্ণ নতুন একটি ক্যামেরা আনা হয়েছিল। বাংলাদেশে এর আগে এই ক্যামেরা কেউ ব্যবহার করেননি। ক্যামেরাটি আমাদের প্রধান চিত্রগ্রাহক (ডিওপি) সুমন সরকার খুব ভালোভাবেই ব্যবহার করেছেন বলে আমার ধারণা।’
‘সুড়ঙ্গ’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে নিশো বলেন, ‘যখন আমি স্ক্রিপ্টটা পড়ি, তখনই জেনেছি, ওই জোনটায় (সুড়ঙ্গতে) আমাকে ঢুকতে হবে। আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। যখন আমি লোকেশনে যাই, তখন ওই সুড়ঙ্গটা আরও ছোট ছিল। কিন্তু যখন দেখলাম আমার চেয়ে বেশি কষ্ট করছেন সিনেমার ক্রুরা, তখন আমার সব কষ্ট সহ্য হয়ে গিয়েছিল। আমাদের যতই কষ্ট হোক না কেন, সেগুলো আসলে সব সময় বলা হয়ে ওঠে না। আমরা সুড়ঙ্গের ভেতরের অংশটুকুর শুটিং করেছি চট্টগ্রামে। তখন প্রচণ্ড গরম ছিল। একেকটা শটের জন্য ২০ থেকে ২৫ মিনিট সুড়ঙ্গের ভেতরে থাকতাম। ওই ২০ থেকে ২৫ মিনিট আমার কাছে মনে হতো দুই থেকে তিন দিনের পরিশ্রমের সমান।’
গল্প-আড্ডায় শেষ হয়ে আসে নির্ধারিত সময়। অনুষ্ঠানে আসার জন্য দুজনকেই ধন্যবাদ জানান উপস্থাপক মৌ। আর দর্শকদের হলে গিয়ে ‘সুড়ঙ্গ’ সিনেমা দেখার আমন্ত্রণ জানান আফরান নিশো ও তমা মির্জা।