
১০ বছর আগে আইসক্রিম সিনেমা দিয়ে ঢালিউডে নাম লেখান শরীফুল রাজ, কুমার উদয় ও নাজিফা তুষি। রাজ ও তুষি এখন সিনেমার নিয়মিত মুখ। কিন্তু সেই সিনেমার আরেক নায়ক উদয় তারপর আর কোনো সিনেমায় অভিনয় করেননি। অভিমান নিয়েই কি সিনেমা থেকে সরে গিয়েছিলেন এই নায়ক?
ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে। এরপর নতুন করে উদয়কে নিয়ে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপগুলোয় কথা হচ্ছে। সেসব জানতেই উদয়ের সঙ্গে ২০ অক্টোবর আলাপ। জানালেন, ঢাকাতেই রয়েছেন। শোনালেন প্রথম সিনেমায় যুক্ত হওয়ার কথা। সেই সময় ফার্মগেট এলাকায় থাকতেন উদয়। একদিন আইসক্রিম সিনেমার এক সহকারী পরিচালকের সঙ্গে পরিচয় হয়। তখন রেদওয়ারন রনির টিম সিনেমাটির জন্য নতুন মুখ খুঁজছিল। সেই সহকারী পরিচালক প্রথম সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।
উদয় বলেন, ‘তখন আমি মডেলিং করতাম। পরে রনি ভাইয়ের অফিসে গেলাম। চিত্রনাট্য থেকে অভিনয় করে দেখালাম। তাঁরা পছন্দ করলেন। এভাবেই শুরু হলো আমার সিনেমার যাত্রা।’সেই সিনেমা ২০১৬ সালে মুক্তি পায়। সিনেমাটি অনেকেই পছন্দ করেন।
পরবর্তী সময়ে সিনেমার দুই অভিনয়শিল্পী শরীফুল রাজ ও নাজিফা তুষি সিনেমা ব্যস্ত হলেও প্রথম সিনেমার পর আপনাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি কেন, এমন প্রশ্নে উদয় বলেন, ‘প্রথম সিনেমার পর আমার ক্যারিয়ারের ভালো সময় ছিল। তখন বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। সিনেমা নিয়েই থাকার ইচ্ছা ছিল। কিন্তু পরিবারের সদস্যদের প্রয়াণ আমাকে ব্যথিত করে। এ ছাড়া ব্যক্তিগত কিছু কারণে আমার সিনেমা করা সম্ভব হয়নি। তখন পরিবারে সময় দিয়েছি। পরিবারের দেখভাল করতে হয়েছে।’
জানালেন, দেশের বাইরেও কিছুদিন ছিলেন।তাহলে কি সিনেমায় আর ফিরবেন না? উদয় বলেন, ‘আমি সিনেমায় ফিরতে চাই। সিনেমা এখনো আমার ক্যারিয়ারের পছন্দের জায়গা। আবার সিনেমায় ফেরার সেই প্রক্রিয়ার মধ্যেই আছি।’
উদয় জানালেন, সিনেমায় নতুন করে ফেরার জন্য কিছু প্রস্তুতি দরকার। তাঁর ভাষ্যে, ‘শুরুতে আমার অভিনয় নিয়ে নিজেই খুশি ছিলাম না। মনে হতো, অভিনয় জানি না, আরও শেখা দরকার। এটা বোঝার পরই মনে হলো, আমাকে ঠিকঠাক অভিনয় শিখে সিনেমায় নামতে হবে। সেই চর্চার মধ্যেই এখনো আছি। পড়াশোনা করছি। নিয়মিত মঞ্চে অভিনয় করি। যাঁরা মঞ্চনাটক দেখেন, তাঁরা জানেন, আমি অভিনয়ে নিয়মিত।’
উদয় প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন নাট্যদল থেকে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে নাট্যদল তাড়ুয়ার সঙ্গে যুক্ত আছেন। মঞ্চে তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে আদমসুরত, অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, কাঁটায় কাঁটায়সহ বেশ কিছু কাজ। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্যবসায়ের সঙ্গে যুক্ত।বিরতির কারণে সিনেমার মানুষের সঙ্গে তাঁর একটি দূরত্ব তৈরি হয়েছে। যে কারণে ফেরার ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে উঠছে না। তিনি বলেন, ‘সবাই এটাই জানে, আমি সিনেমা ছেড়ে দিয়েছি। কারও সঙ্গে যোগাযোগ নেই। এখন আমি সিনেমার জন্য পুরো প্রস্তুত। বলা যায়, অভিনয়ের জন্য মরিয়া হয়ে আছি।’
একসঙ্গে সিনেমার ক্যারিয়ার শুরু করলেও রাজ ও তুষি এখন আলোচিত নাম। তবে আগের মতো টিমের কারও সঙ্গেই তেমন যোগাযোগ নেই। তবে চরকিতে সিনেমাটি মুক্তি উপলক্ষে সিনেমার প্রধান তিন শিল্পীকে ডেকেছিলেন রেদওয়ান রনি। সেদিন ছিল রনির জন্মদিন। জমে যায় আড্ডা।
সিনেমা ঘিরে সেই আড্ডা তাঁদের ফিরিয়ে নিয়ে যায় ১০ বছর আগে। উদয় বলেন, ‘সিনেমা রাতে রিলিজ হলো, সবাই একসঙ্গে দেখলাম। অনেক দিন পর আমাদের দেখা হলো। সব মিলিয়ে একটি ইমোশনাল জার্নি ছিল। হারিয়ে গিয়েছিলাম সেই শুটিংয়ের দিনগুলোয়। শুটিংয়ের মজার নানা ঘটনা নিয়ে কথা হলো তুষি (নাজিফা তুষি), রাজের (শরীফুল রাজ) সঙ্গে। রনি (রেদওয়ান রনি) ভাই বললেন, দেরি না করে আবার সিনেমায় নিয়মিত হতে।’
নিয়মিত হলে রাজ, তুষিদের মতো জায়গায় তিনিও আসতে পারতেন, এমনটা ভাবায় না? এমন প্রশ্নে নায়ক উদয় বলেন, ‘আমি কখনোই মিস করি না। এটাও ভাবি না, মিস করা উচিত ছিল। হয়তো নিয়মিত কাজ করে গেলে দেশের মানুষ আমাকে চিনত, কিন্তু আমার অভিনয় নিয়ে আমি কি খুব বেশি ভালো জায়গায় যেতে পারতাম? একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে হতো। কারণ, নিজেই অভিনয় নিয়ে সন্তুষ্ট ছিলাম না; বরং ভালো হয়েছে, এখন শিখে সিনেমায় ফিরছি। কোনো কিছু জেনে ও বুঝেই করা উচিত। তাহলেই ভালো কিছু হবে।’সিনেমায় আপনাকে কবে দেখা যাবে? উদয় বলেন, ‘ইতিমধ্যে একটি সিনেমার টিমের সঙ্গে কথা বলেছি। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগির হয়তো শুটিংয়ে যাব।