কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল মৌসুমি মৌ আর মনোজ প্রামাণিকের বিয়ের ছবি। জানা গেল, সেটি ‘মন বলেছে যাব যাব’ নাটকের দৃশ্য। এবার মৌ সালাউদ্দিন লাভলুর বউ। নাটকের নাম ‘কুসুম বিউটি পারলার’। এই নাটকেই সালাউদ্দিন লাভলুকে দেখা যাবে বিউটি পার্লার ব্যবসায়ীর চরিত্রে।
ভোলা সুপার সেলুন লিমিটেডের মালিক ভুলু তালুকদার। সবাই তাঁকে চেনে ‘ভোলা নাপিত’ বলে। আশপাশের দশ গ্রামে তাঁর পসার। যদিও ‘নাপিত’ বললে ভীষণ ক্ষেপে যান তিনি। সবার চুল-দাঁড়ি ছেঁটে সুন্দর করে দেন তিনি। তাই তাঁর চাওয়া, সবাই তাঁকে ডাকবে ‘নরসুন্দর ভোলা’।
ভালোই চলছিল ভোলা নাপিতের। এমন সময় ১৩ বছর পর বিদেশ থেকে আসেন তাঁর বন্ধু। এই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার। তিনি দেশে ফিরে ভোলা নাপিতকে একটা পারলার খোলার বুদ্ধি দেন। স্ত্রী কুসুমের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন ভোলা। কুসুম প্রথমে রাজিও হয়। কিন্তু একদিন ইউটিউবে পারলারের কয়েকটি ভিডিও দেখে সে মনে মনে ভাবে, এসব করার জন্যই কি বিউটি পারলার চালু করতে চায় ভোলা? কুসুম রাগ করে বাপের বাড়ি চলে যায়। শুরু হয় জটিলতা। এগিয়ে যায় গল্প।
‘কুসুম বিউটি পারলার’ নামের নাটকটিতে ভোলার স্ত্রী কুসুম চরিত্রে দেখা যাবে উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌকে। নাটকটি রচনা করেছেন খায়রুল বাবুই, পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। প্রচারিত হবে দীপ্ত টিভির ঈদ আয়োজনে।
ঈদুল ফিতর উপলক্ষ চারটি নাটক আর ‘শুভকামনা’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী মৌ।
সালাউদ্দিন লাভলুর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঢাকার অদূরে পূবাইলে এই নাটকের সেট থেকেই মৌ বললেন, 'উনি তো কেবল অভিনয়শিল্পী নন, উনি দারুণ পরিচালক। সেটে তিনি আমাকে নিখুঁতভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। উনার শট শেষ হয়ে গেলেও উনি চলে যান না। আমারটা দেখেন, পরামর্শ দেন। ভুল হলে ঠিক করে দেন। এক কথায় সহশিল্পী হিসেবে সালাউদ্দিন লাভলু দুর্দান্ত। রীতিমতো হাতে ধরে আমার থেকে অভিনয় বের করে আনছেন।'