‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ মঞ্চে এনেছে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি
‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ মঞ্চে এনেছে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি

স্টুডিও থিয়েটারে এক দিনে দুই প্রদর্শনী

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে কাল শনিবার দেখা যাবে নাটক ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’। স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টারের প্রযোজনায় এটি নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন নাটকটির দুটি প্রদর্শনী হবে। সন্ধ্যা সাতটায় প্রথম প্রদর্শনীর পরে রাত আটটায় হবে দ্বিতীয় প্রদর্শনী।
নাটকটির পটভূমি নিয়ে আশীষ খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সঙ্গে বসে ছিলাম। সে তেলরঙে একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকের বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পরে ওই ছোট একটা বীজ থেকে “দুই আগন্তুক বনাম করবী ফুল”নাটকের পটভূমি দাঁড় করিয়েছি।’

স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টারের প্রযোজনায় এটি নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার

আশীষ খন্দকার বলেন, ‘ওই দিন আমি অবাক হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনছিলাম। ও রূপকথার গল্প থেকে এই চরিত্র দুটো এঁকেছে আর অদ্ভুতভাবে এই গল্প প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্প আবার ঘুরিয়ে দেখলে আমরা দেখতে পাই আমাদের এই ঘুণে ধরা, পচা–গলা বাস্তবতা।’

নাটকের গল্পে দেখা যায়, অনেক অনেক দিন আগের কথা। দুই আগন্তুক সন্ধান করছিল তাদের নিরুদ্দেশ বাবাকে। তারা রাজ্যছাড়া হয়েছিল প্রাসাদের ষড়যন্ত্রে। মৃত্যুভয়ে পথে পথে পালিয়ে বেড়াচ্ছিল। একটি ঐন্দ্রজালিক আয়না তাদের অনুসরণ করছিল। তারা জাদুকরিভাবে আবিষ্কার করছিল পৃথিবীর রহস্য। বহু বছর পৃথিবীর পথে পথে নিরুদ্দেশ বাবার সন্ধান করে তারা। একসময় তারা স্থান, কাল অতিক্রম করে।
পুরোনো পৃথিবীর দুর্গম পথে তাদের তাড়া করে বেড়ায় অজানা শঙ্কা আর অনিশ্চয়তা। রোগশোকে ভুগে তাদের চেহারা, জামাকাপড়—সবকিছুতে তামাটে রং লেগে যায়। তবু ফেরার কোনো উপায় নেই। সৎমার ঐন্দ্রজালিক ক্ষমতাবলে আয়নায় দেখতে পায় তারা কী করছে, আদেশের অন্যথা হলে নিশ্চিত মৃত্যু।

নাটকের গল্পে দেখা যায়, অনেক অনেক দিন আগের কথা। দুই আগন্তুক সন্ধান করছিল তাদের নিরুদ্দেশ বাবাকে

কনিষ্ঠ আগন্তুক সব রকমের আগ্রহ হারিয়ে ফেলে, খোলা আকাশের নিচে খাদ্যসংকট, অনিশ্চয়তাকে সে বিদায় জানাতে চায় চিরতরে, সে তার পথে ফিরে যেতে চায়। কিন্তু জ্যেষ্ঠ আগন্তুক কিছুতেই তা হতে দিতে চায় না, সে তাদের জীবনের লক্ষ্য পূরণ করতে চায়, ফলে তাদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস, অন্তর্দ্বন্দ্ব ও কলহ। এমন গল্প নিয়ে এগিয়েছে কাহিনি।
‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ মঞ্চে এনেছে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি। এতে অভিনয় করেছেন ফরহাদ হোসাইন, তোতো তীমথিয়, মানিসা অর্চি, ওমর ফারুক ও মাজহারুল ইসলাম।