‘এমিল ও তাঁর গোয়েন্দারা’ ধারাবাহিকের দৃশ্য
‘এমিল ও তাঁর গোয়েন্দারা’ ধারাবাহিকের দৃশ্য

গোয়েন্দা বাহিনী নিয়ে আবার ফিরছে এমিল

জার্মান লেখক এরিখ কাস্টনারের উপন্যাস ‘এমিল অ্যান্ড দ্য ডিটেকটিভস’ অবলম্বনে আশির দশকে এমিলের গোয়েন্দা বাহিনী নির্মাণ করেছিলেন বাদল রহমান। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে তুমুল আলোচিত হয়েছিল। চার দশক পর একই উপন্যাস অবলম্বনে ‘এমিল ও তাঁর গোয়েন্দারা’ নামে ৩০ পর্বের একটি ধারাবাহিক নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। দুরন্ত টিভিতে আজ থেকে প্রতিদিন বেলা একটা ও রাত সাড়ে আটটায় এটি প্রচারিত হবে।

উপন্যাস অবলম্বনে নাটকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান। এতে এমিল চরিত্রে তূর্য ও পনি চরিত্রে ঋদ্ধিকে পাওয়া যাবে। পুঁচকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করবে মেধা, বিশাল, সাহির, সানজিদা, তাথৈ, জয়ী, আবির, তাহসান। আরও অভিনয় করছেন দিলারা জামান, বিজরী বরকতউল্লাহ, ফারজানা চুমকি, তপন মজুমদার, এ কে আজাদ সেতু, আশরাফুল আশিস, শফিউল আলম বাবু, প্রিয়ন্তী উর্বী ও শতাব্দী ওয়াদুদ।

আগে অনেক টিভি নাটক বানালেও শিশুদের জন্য প্রথমবার নির্মাণে হাত দিয়েছেন কৌশিক। তিনি বলেন, ‘“এমিলের গোয়েন্দা বাহিনী” আমাদের ছোটবেলার ক্ল্যাসিক। সিনেমাটি যখন মুক্তি পায়, তখন আমার বয়স ছিল ৮-১০ বছর। ফলে এমিল ও তাঁর গোয়েন্দারা আমাদের জন্য অন্য রকম একটা আবেগের বিষয়। অনেক দিন ধরেই এটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। সে ইচ্ছা এবার পূরণ হলো। প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার আশা, দর্শক পছন্দ করবেন।’

তে এমিল চরিত্রে তূর্য ও পনি চরিত্রে ঋদ্ধিকে পাওয়া যাবে

জার্মান ভাষায় লেখা উপন্যাসটি প্রকাশের পরপরই রাতারাতি বিখ্যাত হয়ে যায়। উপন্যাসটি অবলম্বনে বিশ্বের নানা দেশে, নানা ভাষায় সিনেমা নির্মিত হয়েছে। বইটির মতো এই চলচ্চিত্রগুলোও দেশে দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে ‘এমিল ও তাঁর গোয়েন্দারা’ নাটকের চিত্রনাট্যে নাট্যকার দেশি আবহে করেছেন। যেখানে দেখা যায়, কিশোর এমিল মায়ের সঙ্গে চট্টগ্রামে বাস করে। স্কুলের ছুটিতে সে ঢাকায় তার খালার বাসায় বেড়াতে আসে। দীর্ঘ ট্রেন যাত্রায় তার সঙ্গী হয় আলী ইমরান নামক এক ভদ্রলোক। নানা আলাপচারিতার মধ্যে এমিল একসময় ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে সে আবিষ্কার করে তার টাকা হারিয়ে গেছে। আলী ইমরানকে সন্দেহ করে সে টাকা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু সে হাল না ছেড়ে আলী ইমরানকে অনুসরণ করে। এমিলের টাকা উদ্ধারে তার ফুপি তুহিন, খালাতো বোন পনি ও তার বন্ধুরা সাহায্য করতে এগিয়ে আসে। এই গোয়েন্দা দলের প্রচেষ্টায় বের হয়ে আসে আলী ইমরানের সত্যিকার পরিচয়, ধরা পড়ে এক দুর্ধর্ষ স্মাগলারের কাহিনি।