নাটকের গল্পটা হিজলতলী গ্রাম থেকে শুরু। এ গ্রামের রমজেদ মোল্লার পরিবারে জন্ম রতন মোল্লার। বয়ঃসন্ধিকালে দেখা যায় শারীরিক বিকাশ স্বাভাবিক নয়, নারী বা পুরুষ কোনোটি নয় সে। নাট্যকারের ভাষায়, ‘জীবনের সব স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণার মুখোমুখি সে।
সমাজের কাছে, পরিবারের কাছে অবাঞ্ছিত হয়ে ওঠে রতন।’ তৃতীয় লিঙ্গের মানুষের এই সুখ-দুঃখ নিয়ে শৈল্পিক কথন ‘শিখণ্ডী কথা’। আলোচিত এ মঞ্চনাটকের ২০০তম প্রদর্শনী হয় গতকাল।
মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামানের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন।
২০০৬ সালে মহিলা সমিতি মঞ্চে ৫০তম প্রদর্শনী হয়। ২০১০ সালে জাতীয় নাট্যশালার মূল হলে শততম মঞ্চায়ন হয়। প্রযোজনাটি ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বিহারে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা পায়।
শুক্রবার ২০০তম প্রদর্শনী উপলক্ষে ছিল আরও নানা আয়োজন। ১৯৯তম প্রদর্শনীতে অংশগ্রহণ করা শিল্পীদের স্মারক সম্মাননা দেওয়া হয়। বের করা হয় একটি তথ্যসমৃদ্ধ স্মরণিকা। ছিল আলোচনা সভা। শেষে নাটক দেখেন দর্শক।
নাটকটিতে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, আনন জামান, সামিউল জীবন, পলি বিশ্বাস, রিপন রনি, সবুজ হোসেন, কানিজ ফাতেমা, সৈয়দ ফেরদৌস ইকরাম, শিবলী সরকার, কামরুজ্জামান সবুজ, বাহার সরকার, ফারুক সেন্টু, বিথুন আহমেদ, শাহরিয়ার পলিন প্রমুখ।