বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন লোগো
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন লোগো

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংকট নিরসনে ৬৭ নাট্যকার, নির্দেশক ও সংগঠকের বিবৃতি


বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্ভূত পরিস্থিতি ও থিয়েটারচর্চার সংকট নিরসনে বিবৃতি দিয়েছেন দেশের ৬৭ নাট্যকার, নির্দেশক ও সংগঠক।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান নেতৃত্বের চরম স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অকার্যকর ভূমিকায় বাংলাদেশের নাট্যকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।’
এর আগে গত ১৩ এপ্রিল গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংকট সমাধানের তাগিদ দিয়ে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে চিঠি চিঠি দেন নাট্যচক্রের ম হামিদ, থিয়েটারের রামেন্দু মজুমদার, আরণ্যকের মামুনুর রশীদ ও নাগরিকের সারা যাকের। ফেডারেশনের সাবেক তিনজন জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য নাট্যজন শিশির দত্ত, মলয় ভৌমিক ও আহমেদ ইকবাল হায়দারও একই তাগিদ দিলেও তা আমলে নেওয়া হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘“সাধারণ নাট্যকর্মী” ব্যানারে ঢাকাসহ সারা দেশের চার শতাধিক নাট্যকর্মী ফেডারেশনের চেয়ারম্যান বরাবর যৌক্তিক কারণে তাঁর পদত্যাগের দাবি করে স্মারকলিপি প্রদান করেন। ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সে বিষয়েও কোনো সাড়া দেয়নি। ইতিমধ্যে ঢাকায় থিয়েটারচর্চার সংকট ও ফেডারেশনের নিষ্ক্রিয়তা বিষয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমরা আরও লক্ষ করছি, ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সম্প্রতি বিভাগীয় সম্মেলন করে ওই সব সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের কেন্দ্রীয় সম্মেলনে প্রতিনিধিত্বের অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে ও ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা সম্পূর্ণভাবে অগঠনতান্ত্রিক।’

ঢাকায় থিয়েটারচর্চার সংকট ও ফেডারেশনের নিষ্ক্রিয়তা বিষয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে

নাট্যজনদের দাবি, ‘ষড়যন্ত্রমূলক এই হীন প্রক্রিয়ার মাধ্যমে ফেডারেশনের আগামী নির্বাচনে সুবিধাপ্রাপ্ত ও অনুগত প্রতিনিধি নিয়ে একটি দায়সারা নির্বাচন করার পাঁয়তারা করা হচ্ছে বলে আমরা মনে করি। ফেডারেশনের বর্তমান কমিটি অবৈধভাবে মেয়াদ বাড়িয়ে স্বেচ্ছাচারিতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। বেশ কয়েক বছর যাবৎ ফেডারেশন বাংলাদেশে থিয়েটারচর্চার নানাবিধ সংকট নিরসনে কার্যকর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। মূলত, ফেডারেশন দর-কষাকষির ক্ষমতা হারিয়ে ফেলেছে। এ অবস্থা সৃষ্টি হয়েছে নজিরবিহীনভাবে একই ব্যক্তি বছরের পর বছর ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করায়। ফলে, ঢাকাসহ সারা দেশের নাট্যচর্চা আদর্শিক দিশাহীনতায় মুখ থুবড়ে পড়েছে এবং নানাবিধ সংকটের সম্মুখীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা এই জাতীয় প্রতিষ্ঠানটি নিকট অতীতে দেশে সাম্প্রদায়িক মৌলবাদী সংস্কৃতির উত্থান রুখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও এ সংগঠনের সংগ্রামী ভূমিকা লক্ষ করা যায়নি।’
নাট্যকার, নির্দেশক ও সংগঠকেরা বিবৃতিতে বলেন, ‘আমরা মনে করি, নাট্যকর্মীদের বৃহত্তর ঐক্য, মহান মুক্তিযুদ্ধের পক্ষে আদর্শিক অবস্থান অটুট, সৃজনশীলতার বিকাশ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটারের ফেডারেশনের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে ৩০ মে ২০২৩-এর মধ্যেই ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সার্বিক বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে সুনির্দিষ্টভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় পরবর্তী উদ্ভূত পরিস্থিতির দায় ফেডারেশনের বর্তমান নেতৃত্বকেই বহন করতে হবে।’
বিষয়টি নিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীর বক্তব্য জানতে তাঁকে ফোন করা হলে পাওয়া যায়নি।

বিবৃতি সমন্বয় করেছেন নাট্যনির্দেশক ও সংগঠক মোহাম্মদ বারী। এতে স্বাক্ষর করেছেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, হারুন রশীদ, শহীদুজ্জামান সেলিম, মোহাম্মদ বারী, অলোক বসু, মোহাম্মদ আলী হায়দার, ঠান্ডু রায়হান, অধ্যাপক রতন সিদ্দিকী, হাসান শাহরিয়ার, সামিনা নিত্রা, মারুফ কবীর, নূনা আফরোজ, তৌফিকুল ইসলাম ইমন, কামরুন নূর চৌধুরী, মোমেনা চৌধুরী, বিপ্লব প্রসাদ, তৌফিক হাসান ময়না, মাহবুব আলম, এহসানুল আজিজ বাবু, কামালউদ্দিন কবির, অপু শহীদ, আনন জামান, প্রশান্ত হালদার, মো. শাহনেওয়াজ, সগীর মোস্তফা, সুচরিত দাশ খোকন, শুভংকর চক্রবর্তী, অলোক মাহমুদ, বিক্রম চৌধুরী, সুচরিত টিংকু, দীপক চৌধুরী, জুলফিকার চঞ্চল, কামারউল্লা সরকার কামাল, আবুল কাশেম, শাহাজাদ আলী বাদশা, আসলাম আলী, সালাম সাকলাইন, রজত কান্তি গুপ্ত, বিজয় প্রসাদ তপু, সাইফুদ্দিন আহমেদ দুলাল, ওয়াহিদুল ইসলাম, তোসাদ্দেক হোসেইন মান্না, আসাদুল্লাহ ফরাজী, মামুন উর রশীদ মুকুল, মুনির হোসাইন, আবদুস সালাম, এম রাশিদুল আওয়াল রিজভী, নিতাই কুমার সরকার, আসাদুজ্জামান খোকন, আহসান কবীর লিটন, রতন দাস, জসিম উদ্দিন, সাগর কুমার সরকার, সাজিদুল করিম, মশগুল হোসেন ইতি, আবু জাফর মো: ফজলুল বারী রনি, সেলিম জাহাঙ্গীর, মো. মুনিরুজ্জামান, এড. সুখময় রায় বিপলু, অতনু করঞ্জাই, হোসেন আনোয়ার, খোয়াজ রহিম সবুজ ও শামসুল বাসিত শেরো। মোহাম্মদ বারী এই তথ্যটি নিশ্চিত করেছেন।