কসবি নাটকের দৃশ্য। ছবি: আয়োজকদের সৌজন্যে
কসবি নাটকের দৃশ্য। ছবি: আয়োজকদের সৌজন্যে

আজ থেকে তৃতীয় বার্ষিক নাট্যোৎসব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘তৃতীয় বার্ষিক নাট্যোৎসব’। আজ শুরু হয়ে উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ভেন্যু নাটক সরণির (নিউ বেইলি রোড) বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন। উৎসবে প্রদর্শিত হবে ছয়টি নাটক। উৎসবের প্রতিপাদ্য ‘আঁধার কাটুক মঞ্চালোকে’।

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম। অনুষ্ঠানে নাট্য সম্মাননা গ্রহণ করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারিক আনাম খান।

উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে ‘মুল্লুক’। নাট্যকার বাকার বকুল, নির্দেশনায় মুনতাছরিন রহমান, রাশেদ হোসেন ও জেরিন চাকমা।

দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে তিনটি নাটক। বিকেল সাড়ে চারটায় ‘ফিউগ’, এলিজাবেথ নেলসন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নিশা চৌধুরী ও ঈশিতা আক্তার। সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে রতন সিদ্দিকীর কসবি, নির্দেশনা দিয়েছেন আলম হোসেন ও ঋতুপর্ণা নদী। একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে ওসভালদো দ্রাগুনের ‘দ্য স্টোরি অব আ ম্যান হু টার্নড ইনটু অ্যা ডগ’। অনুবাদ করেছেন আবদুস সেলিম, নির্দেশনায় মিরাজ হোসেন।

সমাপনী দিন বিকেল সাড়ে চারটায় মঞ্চস্থ হবে বাদল সরকারের স্যুটকেস, নির্দেশনা দিয়েছেন মেশকাত শরীফ, নাজমুল হক এবং এস এম তাসিন। সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে ফ্রাঙ্কা রামের দ্য রেইপ, অনুবাদ করেছেন তন্দ্রা চক্রবর্তী, নির্দেশনায় আছেন সোমালী দত্ত, বৃষ্টি আক্তার ও অর্ঘ্য শ্রেষ্ঠ দাস। সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে উৎসবের শেষ নাটক; মনোজ মিত্রের ‘চোখে আঙুল দাদা’ থেকে অনুপ্রাণিত ‘নক নক হ্যাভেন’। এটি নির্দেশনা দিয়েছেন সৌমিক বসু।

এক টিকিটেই সারা দিনের সব নাটক দেখতে পারবেন দর্শক।