
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রীতম হাসানের নতুন গান ‘গার্লফ্রেন্ডের বিয়া’। একই সঙ্গে এই গায়ক অভিনয় করেছেন একটি নাটকেও। গান ও অভিনয়-দুটো নিয়েই কথা হলো প্রীতমের সঙ্গে।
‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?
বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেকেই প্রশংসা করেছেন। ঈদের মধ্যে শ্রোতাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আমরা সবাই মিলে। শেষ এই রকম সাড়া পেয়েছিলাম ‘বিয়াইন সাব’ গানটির জন্য।
দুই ভাই মিলে গানে এ রকম গল্প দেখানোর কারণ কী?
আমাদের মূল লক্ষ্য ছিল ঈদের সময় মানুষকে একটু আনন্দ দেওয়া। মানুষ যেন মন খুলে হাসতে পারে, সেটাই ছিল মূল উদ্দেশ্য।
এই গানটি ঈদুল ফিতরে প্রকাশিত হওয়ার কথা ছিল।
হ্যাঁ, ওই ঈদের আগে আগে শুটিং শেষ হয়েছিল। কিন্তু আমরা তাড়াহুড়ো করে প্রকাশ করতে চাইনি। তাই সময় নিয়েছি। এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন গেল। এ কারণে দুই সপ্তাহ গানের মুক্তি পিছিয়েছে। সবকিছু দেখে মনে হয়েছে, এটাই উপযুক্ত সময়। তাই গানটি এখনই মুক্তি দেওয়া হলো।
পরের গান কী নিয়ে?
খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে আসব। এক মাসও সময় নেব না। সবকিছুই চূড়ান্ত করেছি। এটাও একটা বড় চমক দেখবেন সবাই।
নাটকে অভিনয় করলেন?
একটি নাটকে অভিনয় করেছি। এটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গত সপ্তাহে শুটিং করেছি। বেশ ভালো একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে সাবিলা নূর। তবে নাটকটি কোনো টিভি চ্যানেলে নয়, প্রচারিত হবে অনলাইন প্ল্যাটফর্ম আইফ্লিক্সে।
নাটকের শুটিং কোথায় কোথায় করলেন?
ডানে-বাঁয়ে সব জায়গায়! (হা হা হা) ধানমন্ডি, বনানীসহ বিভিন্ন জায়গায় শুটিং করেছি। একটা দারুণ কাজ হয়েছে। আমার কাছে মনে হয়েছে দর্শক খুব পছন্দ করবেন নাটকটি।
নাটক তো করলেন। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা আছে?
না না। সিনেমা করার আপাতত ইচ্ছা নেই। তবে একেবারে যে করব না, তা কিন্তু নয়। যদি ওই রকম গল্প বা চরিত্র পাই, তখন করব। তার আগে না। যখন দেখব আমাকে ছাড়া হচ্ছেই না, তখন হয়তো সিনেমায় অভিনয় করব।
আপনার কয়জন গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে?
এখনো কোনো গার্লফ্রেন্ডের বিয়ের খবর পাইনি। মনে হয় কারোরই বিয়ে হয়নি।
হাবিব, নাকি তাহসান?
প্লিজ। এটা খুব কঠিন প্রশ্ন। দুজনই আমার খুব প্রিয় ও পছন্দের মানুষ। দুজনই আমার বস।
কে আপনার গার্লফ্রেন্ড হতে পারবে?
যে প্রচুর সত্যি কথা বলে এবং আমার খুব ভালো বন্ধু হবে সে।