এসব চ্যালেঞ্জ এখন নিতে চাই

গেল ঈদে মুক্তি পাওয়া দুটি চলচ্চিত্র ‘পরাণ’ ও ‘সাইকো’তে অভিনয় করে আলোচনায় এসেছেন রোজী সিদ্দিকী। একই সময় দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর একাধিক নাটক প্রচারিত হয়েছে। ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতারেরও পাঁচটি নাটকে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে তাঁর নতুন কাজ। এসব নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

প্রশ্ন

কোথায় আছেন?

আমি এখন বাসার বাইরে। হাঁটাহাঁটি করছি।

রোজী সিদ্দিকী
প্রশ্ন

প্রতিদিনই হাঁটাহাঁটি করেন?

শুটিং না থাকলে হাঁটি। হাঁটলে একটু ভালো থাকি। মনটাও ভালো থাকে। স্বাস্থ্যও ঠিক থাকে। (হাসি) তাই প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা হাঁটি।

প্রশ্ন

আপনার অভিনীত দুটি ছবি ‘পরাণ’ ও ‘সাইকো’ নিয়ে কেমন খবর পাচ্ছেন?

আমি তো শুনছি খালি পরাণ হিট। পরাণ হিট। আজ (বুধবার) ফোন করে ধন্যবাদ জানালেন প্রযোজক। তিনি ফোন করে যে এটুকু ভদ্রতা দেখিয়েছেন, আমি ভালো অভিনয় করেছি বলেছেন—এটাতে ভীষণ খুশি হয়েছি। কারণ, অনেক সময় অনেকে জানানোর প্রয়োজনও মনে করেন না। আমি সাধারণ দর্শকের কাছ থেকেও নানা ধরনের ইতিবাচক মন্তব্য পাচ্ছি। পরিচিতজনেরা তো রাত ১২টা/ ১টায়ও ফোন করে প্রতিক্রিয়া জানাচ্ছেন—এটা আমার ভালো লাগছে।

শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী
প্রশ্ন

বেশ কয়েক বছর পর ছবিতে অভিনয় করলেন। কতটা সন্তুষ্ট?

একটা সিনেমায় যদি পাঁচ–ছয়টা বা ছয়–সাতটা দৃশ্য থাকে, তাহলে যা করেছি, তার বেশি আর কিছু করা যায় না। আমার যেটুকু মনে হয়েছে, তাতে আই অ্যাম ট্রাইং মাই লেভেল বেস্ট। যাঁরাই ছবিটা দেখছেন, সবাই ফোন করে বলছেন, অসাধারণ একটা কাজ করেছি। আমার নিজস্ব মত হচ্ছে, চরিত্রটা আরও বড় করতে পারতেন পরিচালক। তাহলে আমি হয়তো আরও ভালো করতাম।

প্রশ্ন

খল চরিত্রে প্রথমবার অভিনয় করলেন। আপনার অভিনয়শিল্পী স্বামী শহীদুজ্জামান সেলিম দেখে কী বললেন?

ঈদের পরদিনই আমি আর সেলিম মিলে ‘পরাণ’ ছবিটি দেখেছি। সেলিম বলেছে, ‘ইউ ডিড ভেরি ওয়েল রোজী। তুমি অনেক ভালো করেছে।’ আমি শেষ অভিনয় করেছিলাম ‘শঙ্খচিল’–এ, গৌতম ঘোষের পরিচালনায়।

রোজী সিদ্দিকী
প্রশ্ন

এত দিন চলচ্চিত্রে কাজ করা হয়ে ওঠেনি কেন?

সত্যি কথা বলতে, চলচ্চিত্রে আমাদের ডাকে না তো। আমি তো কাজ করতে চাই। পরাণ–এর শুটিংয়ের আগে রাফি বলল, ‘রোজী আপা, আপনি আমাদের একটা ক্যারেক্টার করে দেন না। একটা চরিত্রে আপনাকে চাই–ই।’ অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। একটা সময় গল্প শুনলাম। ভালো লাগল। তারপর দুই দিন কাজ করলাম। ময়মনসিংহে শুটিং করি।

প্রশ্ন

এত দিন পর খল চরিত্রে অভিনয় করে আলোচনায় এলেন। এ ধরনের চরিত্রে আরও দেখা যাবে কি?

খল চরিত্রে টেলিভিশনে কাজ করেছি। তবে চলচ্চিত্রে এবারই প্রথম। খল চরিত্রে আরও অনেক বেশি কাজ করতে চাই। ৩২ বছর ধরে অভিনয় করছি। আমার মনে হয়, খল ও কমেডি চরিত্রের মতো কঠিন অভিনয় তো আর হয় না। আমার তো যথেষ্ট বয়সও হয়েছে। এসব চ্যালেঞ্জ এখন নিতে চাই। কমেডিতে যে সফল হয়েছি, যাঁরা আমার অভিনীত টেলিভিশন নাটক দেখেছেন, তাঁরা ভালো করেই জানেন। আমার নাটক দেখে মানুষ মনে রাখেনি, এ রকম ঘটনা আমার জীবনে কম আছে। চলচ্চিত্রে আরও অভিনয় করতে চাই। এখন তো আমার সময়ও কাজ করার। সন্তানেরা বড় হয়ে গেছে। এত দিন তো সংসার করা, পারিবারিক জীবন চালানো, বাচ্চাদের লেখাপড়া দেখা—এরপর যেটুকু সময় পেয়েছি, অভিনয়ে দিয়েছি। এখন তো অনেক সময়। তাই এখন নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই।

শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী
প্রশ্ন

‘পরাণ’ দেখলেন, ‘সাইকো’ ছবিটি দেখেননি কেন?

‘সাইকো’ ছবির পরিচালক অনন্য মামুন নায়ক–নায়িকা নিয়ে ঢাকার বাইরের হলগুলো পরিদর্শনে করছেন। ঢাকায় ফিরলেই সবাই মিলে একসঙ্গে ছবিটি দেখার পরিকল্পনা করেছি।