অনেক দিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছে না। ঈদুল আজহায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আরটিভি প্লাসে মুক্তি পাবে প্রার্থনা ফারদিন দীঘির ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’। আবু হায়াত মাহমুদের ছবিটি নিয়ে প্রত্যাশাসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলল ‘বিনোদন’।

‘মার্ডার নাইনটিজ’ নিয়ে প্রত্যাশা কেমন?
আমার প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’র জন্য দারুণ প্রশংসা পেয়েছি। দ্বিতীয় ‘ফেরা’ নিয়ে সেভাবে আলোচনা হয়নি। ‘মার্ডার নাইনটিজ’ আমার তৃতীয় ওয়েব ফিল্ম, এটি নিয়ে অনেক প্রত্যাশা। ছবির প্রোমো থেকে ভালো সাড়া পাচ্ছি। এটি আমার প্রথম ক্রাইম থ্রিলার। সত্য ঘটনা অবলম্বনে গল্প; নব্বই দশকে ঘটনাটি দেশ নাড়িয়ে দিয়েছিল। মুনির-খুকুর প্রেমের বলি হয়েছিল স্ত্রী রিমা। আমি এখানে রিমার চরিত্রটি করেছি। ছবিতে অবশ্য মূল নাম বদলে ফেলা হয়েছে। ছবিতে আমার চরিত্রের নাম ‘প্রেমা’।
নব্বইয়ের ঘটনা নিয়ে ছবি, তখন তো আপনার জন্মই হয়নি। চরিত্রটি তুলে আনলেন কী করে?
শুরুতে খুবই কঠিন ছিল। তবে পরিচালক আমাকে একেবারেই ধরে ধরে চরিত্রটি করিয়েছেন। ফলে অনেকটাই সহজ হয়েছে। সংলাপ পড়ে পড়ে, অভিনয় করে দেখিয়ে দিয়ে চরিত্রটি তুলতে সাহায্য করেছেন পরিচালক। আমার সহশিল্পী ছিলেন রুনা (খান) আপা, খাইরুল বাসার ভাই। রুনা আপার সঙ্গে কাজে ভয়ে ছিলাম, সংলাপ দিতে গলা কেঁপেছে। তবে তাঁর ও বাসার ভাইয়ের সহযোগিতায় কাজটি সহজ হয়েছে।
চরিত্রটি নিয়ে প্রস্তুতি কেমন ছিল?
শুটিং শুরুর ১০-১২ দিন আগে থেকে প্রস্তুতি নিতে থাকি। পরিচালক টিমের কাছ থেকে সেই সময়ের পেপার কাটিং, ইউটিউব থেকে পাওয়া তথ্য এবং বাবার কাছ থেকে শুনে শুনে মুনির-খুকু ও রিমার ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করেছি। প্রেমা চরিত্রটি রিমার আদলেই করার চেষ্টা করা হয়েছে। সে সময় ধরে পোশাক, মেকআপে চরিত্রটি করেছি।
শিশুশিল্পী হিসেবে অনেক দিন কাজ করার পর দীর্ঘদিনের বিরতি। এরপর নায়িকা হয়ে ফেরা। মাঝখানে আবার বিরতি। নতুন ছবির খবর নেই কেন?
ওয়েব ফিল্ম তো করছি। আমার কাছে পর্দা বিবেচ্য বিষয় নয়। সিনেমা তো সিনেমাই। বড় পর্দায় কি ছোট পর্দায়, সেটি বিষয় নয়। ওটিটি ছাড়া টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হলে সেটিকেও সিনেমাই মনে করি। হয়তো অনেকে পর্দাকে আলাদা করেন, সিনেমাকে আলাদা করেন। কিন্তু সিনেমার বিষয়ে আমার ভাবনাটা ভিন্ন। তবে বড় পর্দায় আমার নায়িকা হওয়ার শুরুটা, সিনেমা নির্বাচন হয়তো ভুল ছিল। ভুল শিক্ষা নিয়ে আর ভুল করতে চাই না। বড় পর্দার কাজ সময় নিয়ে ভেবেচিন্তেই করার চেষ্টা করছি।
নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন কি?
হ্যাঁ। দুটি ছবির কাজ প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। তবে চুক্তি হয়নি। আশা করছি, আগামী আগস্টে শুটিং শুরু করতে পারব। শুটিংয়ের আগে ছবির নামধাম বা পরিচালকের নাম না বলি।
মাঝখানে আপনাকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
নায়িকাদের প্রেমের গুঞ্জন তো হবেই। তা না হলে নায়িকা কিসের? বিনোদন অঙ্গনে তারকাদেরকে জড়িয়ে প্রেমের গুঞ্জন খুবই সাধারণ ঘটনা। প্রেমের গুঞ্জন নিয়ে অন্য নায়িকারা কী ভাবেন, আমার জানা নেই, তবে আমি উপভোগ করি। যখন দেখি, ঘটনা সত্য নয়, কিন্তু আমাকে জড়িয়ে দু-তিনজনের সঙ্গে প্রেমের গল্প বানানো হচ্ছে, তখন মজাই লাগে। ভাবি, আমাকে নিয়ে মানুষ ভাবছেন, আগ্রহ দেখাচ্ছেন (হা হা হা)।
ঈদের পরিকল্পনা কী?
তেমন কোনো আলাদা প্রস্তুতি নেই। কিছু কেনাকাটা করেছি, আরও করব। প্রতিবছর বাবার জন্য পাঞ্জাবি কিনি, এবার শার্ট কিনেছি। গত বছর থেকে নিজে কোরবানি দিই, এবারও দেব। আগে কখনো গরুর হাটে যাওয়া হয়নি। এবার গরু কিনতে হাটে যেতে পারি।