ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকলেই যেন যে কাউকে যা খুশি বলে দেওয়া যায়: কেকা ফেরদৌসী

কেকা ফেরদৌসী
ফেসবুক
রান্নাবিষয়ক অনুষ্ঠান নিয়ে তিন দশক পার করে দিলেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। চ্যানেল আইয়ে এখন প্রচারিত হচ্ছে ইফতারি নিয়ে অনুষ্ঠান ‘মনোহর ইফতার’। এই অনুষ্ঠানেরও প্রচারের বয়স ২৫ বছর হতে চলল। রান্নার এই অনুষ্ঠান নিয়ে আলোচনায় তিনি। ১৯৯৪ সালে চালু করেছেন রান্নাবিষয়ক স্কুল ‘কেকা ফেরদৌসী রান্নাঘর’। রান্নাকেন্দ্রিক দীর্ঘ সময়ের ভ্রমণটা কেমন ছিল, তা জানতে কেকা ফেরদৌসীর সঙ্গে কথা বলল বিনোদন।
প্রশ্ন

রান্নাবিষয়ক কর্মকাণ্ডে তিন দশক পার করার জন্য অভিনন্দন।

ধন্যবাদ।

প্রশ্ন

জীবনে তো অন্য কিছুও করতে পারতেন। কিন্তু রান্নার মতো একটি বিষয়কে বেছে নেওয়ার পেছনে কোন ভাবনা কাজ করেছে?

ছোটবেলা থেকেই রান্নাবান্না পছন্দ করতাম। ক্লাস নাইনে থাকতে রান্নার স্কুলে গিয়েছিলাম রান্না শিখতে। বিয়ের আগে পরিবারের সবার সহযোগিতাও পেয়েছি। বিয়ের পর শ্বশুরবাড়ির সবার ও স্বামীর সহযোগিতা ছিল বলে এতটা পথ হাঁটতে পেরেছি।

কেকা ফেরদৌসী
প্রশ্ন

টেলিভিশনে তিন দশক পার হতে চলছে। অনেকে রেসিপি আপনি দিয়েছেন। প্রথম কোন রেসিপি দিয়েছিলেন, মনে পড়ে?

আমি ১৯৯৪ সালে প্রথম রান্না নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিই। ওই বছরই বাংলাদেশ টেলিভিশনে শাইখ সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠানে মাশরুম দিয়ে তৈরি একটি রেসিপি উপস্থাপন করি। একই বছরে কেকা ফেরদৌসী রান্নার স্কুল চালু করি। এখনো সেটি চালু আছে। শিক্ষার্থীরা আসা–যাওয়ার মধ্যে থাকে। করোনার মধ্যে কমে গিয়েছিল। এখন আবার ভালো। অনলাইনেও রান্না বিষয়ে পড়াই। রান্নাবিষয়ক যেকোনো কিছু করতে আমার ভীষণ ভালো লাগে।

কাউকে একদম আদর্শ হিসেবে নিয়ে কিছু করছি না। তবে দেশ–বিদেশের বিভিন্ন মানুষের রান্না দেখি, অনেকের কাজ ভালো লাগে। দেশে সিদ্দিকা কবীর আপার সঙ্গে আমার বেশ ভাব ছিল
প্রশ্ন

রান্নায় দীর্ঘ সময় কাটাচ্ছেন। দেশ–বিদেশের নানা রেসিপি মানুষের কাছে উপস্থাপন করছেন। রান্নার বিষয়ে অনেকেই আপনাকে অনুসরণ করেন। রন্ধনশিল্পে দেশ–বিদেশে আপনার আদর্শ কারা?

কারও উৎসাহে করেছি, সে রকম কিছু নয়। আমার পরিবার তো সংস্কৃতিমনা। আব্বা (চলচ্চিত্র পরিচালক ফজলুল হক) আর আম্মা (কথাসাহিত্যিক রাবেয়া খাতুন) দুজনই বেশ ভালো  রান্না করতেন। তাঁরা বলতেন, এটা কর, ওটা কর। তাঁদের উৎসাহে রান্না শিখেছি। কাউকে একদম আদর্শ হিসেবে নিয়ে কিছু করছি না। তবে দেশ–বিদেশের বিভিন্ন মানুষের রান্না দেখি, অনেকের কাজ ভালো লাগে। দেশে সিদ্দিকা কবীর আপার সঙ্গে আমার বেশ ভাব ছিল। আমার আম্মার চেয়ে বয়সে বড় হলেও আমাদের সম্পর্কটা চমৎকার ছিল। তিনি ইস্কাটনে থাকতেন, আমিও তখন সেখানে থাকতাম। আসা–যাওয়া ছিল। তিনি খুব আদর করতেন। মারা যাওয়ার আগে তিনি যখন অসুস্থ ছিলেন, তাঁর সব অনুষ্ঠানে আমার নাম সুপারিশকরেছেন। এটা আমার জন্য স্মরণীয় একটা ঘটনা। এটা সবার ভাগ্যে হয় না। তাঁকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় ঘুরেছিও, এটা আমার জন্য অনেক বড় সম্মান।

কেকা ফেরদৌসী
প্রশ্ন

৩০ বছরে আপনার রান্নাবিষয়ক অনুষ্ঠানে অনেক তারকা ও সমাজের বিশেষ ব্যক্তি অতিথি হয়ে এসেছেন। কারা আপনার রান্না খেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন, এই মুহূর্তে কয়েকজনের নাম জানতে চাইলে কাদের কথা বলবেন?

এখন পর্যন্ত যাঁরা এসেছেন, সবাই প্রশংসা করেছেন। কারও নাম আলাদা করে বলা মুশকিুল। এর বাইরে যদি বলি, আমার বড় ভাই ফরিদুর রেজা সাগর, ছোট ভাই ফরহাদুর রেজা প্রবাল আমার রান্না সবচেয়ে বেশি পছন্দ করেন। আমার স্বামী মুকিত মজুমদার আর ছেলে–মেয়ে ও মেয়ের জামাই সবাই আমার রান্না পছন্দ করেছেন।

প্রশ্ন

সাধারণত কোনো রান্নার সময় কেউ কেউ স্বাদ কেমন তা জানতে অন্যজনকে খাবারটা খাওয়ান। আপনি কি এমনটা করেন? করলে কে সেই ব্যক্তি?

আমি একবারে রান্না করি। অনেকে আবার রান্নার সময় সবকিছু ঠিকঠাক আছে কি না, অন্য কাউকে দেখিয়ে স্বাদটা বোঝার চেষ্টা করেন। কেউ বা নিজেও সবকিছু ঠিকঠাক আছে কি না দেখেন। আমি তেমনটা একেবারে করি না। পুরো রান্না শেষ করে তারপর স্বাদ নিই।

প্রশ্ন

আপনার বানানো রেসিপি নিয়ে প্রশংসা যেমন হয় ...

আবার অনেকে সমালোচনাও করেন। ফেসবুকে নাকি নানা কিছু লেখা হয়। আমি ভালো কথাগুলো মনে রাখি, খারাপ কথা ভুলে যাওয়ার চেষ্টা করি। উল্টাপাল্টা কথা যাঁরা বলেন, কখনোই তাঁদের কোনো উত্তর দিই না। মানুষের কথা বলার স্বাধীনতা আছে, তাই তাঁরা বলবেনই। তবে এটা ঠিক, কী বলছেন, কেন বলছেন, এসব সম্পর্কে তাঁদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। এই বলার মধ্যে সেই মানুষেরা নিজেদের রুচি, মূল্যবোধ, শিক্ষা ও পরিবার সম্পর্কেও সবাইকে ধারণা দিয়ে দেন। এখন তো আবার এমন হয়েছে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকলেই যেন যে কাউকে যা খুশি বলে দেওয়া যায়। মানুষকে নিয়ে কথা বলতে কোনো টাকাপয়সা লাগে না। একটা মুঠোফোন হাতে থাকলেই যেন যা খুশি তা–ই বলে ফেলা যায়। তাই এসব নিয়ে আমি মোটেও মাথা ঘামাই না।

প্রশ্ন

আপনি কি ছোটবেলায় রন্ধনশিল্পী হওয়ার স্বপ্নই দেখেছিলেন?

স্বপ্ন এমন একটা জিনিস, যেটা বয়সের সঙ্গে সঙ্গে পালটে যায়। ছোটবেলায় যখন বাংলা সিনেমা দেখতাম, মনে হতো, বড় হয়ে বাংলা সিনেমার নায়িকা হব। যখন বড় হতে শুরু করলাম, পড়ালেখা শিখতে লাগলাম, তখন মনে হলো, আমিও জিওগ্রাফিতে পড়ে সিটি প্ল্যানার হব। এ দুটো স্বপ্নের একটাও বাস্তব হয়নি।