‘মর্টাল কম্ব্যাট ২’–এর দৃশ্য। আইএমডিবি
‘মর্টাল কম্ব্যাট ২’–এর দৃশ্য। আইএমডিবি

আরও ভয়ংকর রূপে ফিরছে ‘মর্টাল কম্ব্যাট’

ভিডিও গেম থেকে সিনেমা—এই যাত্রায় খুব কম ফ্র্যাঞ্চাইজিই বিশ্বজুড়ে এত দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে, যেমনটি পেরেছে ‘মর্টাল কম্ব্যাট’। নব্বইয়ের দশকের গেমপ্রেমীদের কাছে এটি শুধু একটি গেম নয়, বরং একধরনের আবেগ। ভয়ংকর সব চরিত্র, রক্তাক্ত লড়াই, অতিমানবীয় শক্তি আর বিখ্যাত সংলাপ—সব মিলিয়ে ‘মর্টাল কম্ব্যাট’ হয়ে উঠেছিল জনপ্রিয় সংস্কৃতির বড় অংশ। সেই জনপ্রিয় গেম সিরিজ থেকেই আবার বড় পর্দায় ফিরছে ‘মর্টাল কম্ব্যাট’।

আগামীকাল শুক্রবার ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২১ সালে মুক্তি পাওয়া সফল রিবুট ‘মর্টাল কম্ব্যাট’-এর সরাসরি সিক্যুয়েল এটি। ১৯৯২ সালে প্রথম প্রকাশিত হয় ‘মর্টাল কম্ব্যাট’ ভিডিও গেম। খুব দ্রুতই এটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়। গেমটির জনপ্রিয়তার জেরে ১৯৯৫ সালে নির্মিত হয় প্রথম চলচ্চিত্র ‘মর্টাল কম্ব্যাট’। পরে ১৯৯৭ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’। তবে গেম সিরিজটি যতটা দর্শকপ্রিয় ছিল, সিনেমা দুটি ততটা সাফল্য পায়নি।

দীর্ঘ বিরতির পর ২০২১ সালে নতুনভাবে রিবুট করা হয় ‘মর্টাল কম্ব্যাট’। সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। বিশেষ করে গেমের পরিচিত চরিত্র, মারামারির দৃশ্য ও ভিজ্যুয়াল উপস্থাপনা দর্শকদের আকৃষ্ট করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘মর্টাল কম্ব্যাট ২’।

‘মর্টাল কম্ব্যাট ২’–এর দৃশ্য। আইএমডিবি

নতুন সিনেমাটিও পরিচালনা করেছেন সাইমন ম্যাকোয়েড। অভিনয়ে রয়েছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেনসহ আরও অনেকে।
পর্দায় এবারের গল্প এগিয়ে গেছে পৃথিবী-রাজ্য বা আর্থরেল্মকে রক্ষা করার লড়াইকে ঘিরে। আউটারওয়ার্ল্ডের ভয়ংকর সম্রাট শাও কানের উত্থানে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ে। পৃথিবীর রক্ষকদের সামনে তৈরি হয় চূড়ান্ত সংকট। প্রথম সিনেমার চ্যাম্পিয়নদের সঙ্গে এবার যুক্ত হয়েছে জনপ্রিয় চরিত্র জনি কেজ। একসঙ্গে তারা মুখোমুখি হবে শাও কানের অন্ধকার বাহিনীর।

‘মর্টাল কম্ব্যাট ২’–এর দৃশ্য। আইএমডিবি

তবে লড়াই শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে নয়। গল্পে দেখা যাবে, চ্যাম্পিয়নদের নিজেদের মধ্যেও তৈরি হতে পারে বিভাজন ও সংঘাত। মর্টাল কম্ব্যাট টুর্নামেন্টের নিয়ম কিংবা শাও কানের ষড়যন্ত্র—দুইয়ের যেকোনো কারণেই তাদের ভেতরে ভাঙন তৈরি হতে পারে। ফলে যুদ্ধটা আরও জটিল ও রক্তক্ষয়ী হয়ে উঠবে।

অনেকের মতে, সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের অন্যতম বড় কারণ জনি কেজ চরিত্রের অন্তর্ভুক্তি। জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান। ট্রেলার প্রকাশের পর থেকেই তাঁর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক ভক্তের মতে, নতুন এই কিস্তিতে আগের চেয়ে আরও বড় পরিসরে অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে।

এ ছাড়া ‘মর্টাল কম্ব্যাট’ গেম সিরিজের বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত রয়েছে। ফলে সিনেমাটি মুক্তির আগেই বড় দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। ২০২১ সালের ‘মর্টাল কম্ব্যাট’ মুক্তির পর এইচবিও ম্যাক্সে সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলোর একটি হয়েছিল। সেই সাফল্যের পর থেকেই সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা বাড়তে থাকে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, অ্যাকশন, ফ্যান্টাসি, ভয়ংকর সব চরিত্র আর রক্তাক্ত লড়াই—সব মিলিয়ে ‘মর্টাল কম্ব্যাট ২’ হতে পারে এ বছরের আলোচিত ভিডিও গেমভিত্তিক সিনেমাগুলোর একটি। দর্শকদের এখন অপেক্ষা শুধু বড় পর্দায় চূড়ান্ত যুদ্ধ দেখার।

‘মর্টাল কম্ব্যাট ২’–এর দৃশ্য। আইএমডিবি