অভিনয়শিল্পীদের মনে নতুন শঙ্কা জাগিয়ে তুলেছে অভিনয়ক্ষেত্রে এআইয়ের ব্যবহার, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিখুঁতভাবে সব মানবিক অভিব্যক্তিকে অনুকরণ করছে এবং পর্দায় সেসব রূপায়ণও করছে। আছে অসুস্থ প্রতিযোগিতায়ও। এতে অভিনয়শিল্পীরা ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এই তো মাত্র এক মাস আগে, ১৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ব্ল্যাক মিরর-এর ষষ্ঠ মৌসুম। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজটির প্রথম পর্ব ছিল জোন ইজ অফল, যেখানে জোন নামের এক সাধারণ নারী হঠাৎ আবিষ্কার করেন, একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত সিরিজে তাঁর জীবনে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে দৃশ্যায়িত হচ্ছে। তিনি যা করছেন, তাই-ই হয়ে যাচ্ছে সিরিজটির দৃশ্য!
আর ওই নারীর চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। নিজের জীবনের খুঁটিনাটি, গোপন ও অন্তরঙ্গ বিবরণের সম্প্রচার ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন জোন।
একপর্যায়ে সালমা হায়েককে পর্যন্ত তাঁর মুখোমুখি দাঁড়াতে বাধ্য করেন সেই নারী। আর তখনই জানতে পারেন, তাঁর চরিত্রে সালমা অভিনয় করছেন না। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সালমার মুখচ্ছবি কিনে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহযোগিতায় চরিত্রটি নির্মাণ করিয়েছে।
জানতে পর্দা থেকে নজরটা একটু বাস্তবে সরাতে হবে। জোন ইজ অফল-এর এই পর্ব প্রচার হওয়ার ঠিক এক মাসের মাথায় লাইট ক্যামেরার দুনিয়া ফেলে রাস্তায় নেমে এসেছেন হলিউডের অভিনয়শিল্পীরা। শামিল হয়েছেন লেখকদের চলমান ধর্মঘটে। গেল ছয় দশকে এমন ধর্মঘট দেখেনি হলিউড। অভিনয়শিল্পীদের এই ধর্মঘটের সুরাহা না হলে থেমে যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিনোদনযন্ত্রের চাকা।
আরও আগেই অবশ্য ধর্মঘটে যেতে চেয়েছিলেন অভিনয়শিল্পীরা। কিন্তু হলিউডের অভিনয়শিল্পীদের দুই সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (স্যাগ) এবং আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (আফট্রা) সঙ্গে স্টুডিওগুলোর চুক্তি থাকায় কাজটা তাঁরা করতে পারছিলেন না। ১২ জুলাই স্থানীয় সময় রাত ১২টায় শেষ হয় সেই চুক্তির মেয়াদ। এরপরই তাঁরা যুক্ত হন ‘রাইটারস গিল্ড অব আমেরিকা’র সঙ্গে, যাঁরা গত ২ মে থেকেই ধর্মঘটে রয়েছেন।
এক শ বছরের বেশি সময় ধরে রুপালি পর্দা আমাদের বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এতে যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি। বদলেছে রুপালি পর্দার আকার। মানুষের ঘরে ঢুকেছে ‘জাদুর বাক্স’—টেলিভিশন। দশকে দশকে এই টেলিভিশনেরও রূপ বদল হয়েছে। আর এখন তো মুঠোফোনের বদৌলতে প্রায় সবার হাতেই পৌঁছে গেছে একটি করে পর্দা, যা মানুষকে দিয়েছে যেকোনো সময় যেকোনো কিছু দেখার সুবিধা। এই সুবিধাকে কাজে লাগিয়েই অডিও-ভিজ্যুয়াল বিনোদনে এসেছে নতুন মাধ্যম স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো বিনোদন কনটেন্টের বিস্ফোরণ ঘটিয়েছে, তবে ধর্মঘটিরা বলছেন, কনটেন্ট বাড়লেও কমেছে অভিনয়শিল্পীদের আয়। বিষয়টি খোলাসা করা যাক। নেটওয়ার্ক টেলিভিশনের যুগে একজন অভিনয়শিল্পীর কাজ যতবার পর্দায় প্রচারিত হতো, প্রতিবারই তাঁরা সম্মানী পেতেন। অর্থাৎ অভিনয়শিল্পীরা যখন একটি চিত্রনাট্যে অভিনয় করতেন, তখন তো তাঁরা সম্মানী পেতেনই, উপরন্তু পরবর্তীকালে এই চিত্রনাট্য যতবার পুনঃপ্রচার তথা বাণিজ্যিক প্রদর্শন ঘটত, ততবারই তাঁরা পেতেন আংশিক সম্মানী।
কিন্তু স্ট্রিমিং প্ল্যাটফর্ম আসার পর আগের যুগের নেটওয়ার্ক টেলিভিশনের এই নিয়ম উল্টে গেল। কেননা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সার্ভারে একবার যুক্ত হয়ে গেলে অসংখ্যবার আপনি দেখতে পারেন একই কনটেন্ট। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো অভিনয়শিল্পীদের নেটওয়ার্ক টেলিভিশনের যুগের মতো কোনো ‘রেসিডুয়াল পে’ বা পুনঃপ্রদর্শন সম্মানী দেয় না। ফলে স্বাভাবিকভাবেই কমে গেছে অভিনয়শিল্পীদের আয়।
কিন্তু এসব ছাপিয়ে অভিনয়শিল্পীদের মনে নতুন শঙ্কা জাগিয়ে তুলেছে অভিনয়ক্ষেত্রে এআইয়ের ব্যবহার। অভিনয়শিল্পীদের বিকল্প কি হয়ে উঠবে এআই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বর্তমানে সব কাজ থামিয়ে দিয়েছেন হলিউডের দেড় লাখের বেশি অভিনয়শিল্পী।
হলিউডের অভিনয়শিল্পীদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান ড্রেশার। স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের তিনি প্রধান। বিবিসিকে তিনি বলেছেন, ‘আমরা একটা খুবই লোভী সত্তার আগ্রাসনের শিকার।’ আর এই লোভের দানবীয় যন্ত্রকে তুষ্ট করতে, অবারিতভাবে কনটেন্ট উৎপাদনের জন্য এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হচ্ছেন প্রযোজকেরা।
কাজটি কীভাবে করছেন তাঁরা? ক্যারি ফিশারের উদাহরণ দিয়ে বিষয়টা খোলাসা করা যাক। ২০১৬ সালের ডিসেম্বরে মারা যান এই প্রখ্যাত হলিউড অভিনেত্রী। স্টার ওয়ার্স সিরিজের লেইলা ওরগানা চরিত্র করে চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন। তো ক্যারির মৃত্যুর পর ২০১৬ সালে স্টার ওয়ার্স: রোগ ওয়ান সিনেমার গল্পের প্রয়োজনে তাঁর চরিত্রকে আবার ফিরিয়ে আনার দরকার পড়ে। কম্পিউটার সৃষ্ট ছবির (সিজিআই) মাধ্যমে তাকে ফিরিয়ে আনাও হয়।
একইভাবে সম্প্রতি মুক্তি পাওয়া ইন্ডিয়ানা জোনস: দ্য ডায়াল অব ডেসটিনিতে ৮১ বছর বয়সী হ্যারিসন ফোর্ড এআইয়ের কারসাজিতে হয়ে গেছেন ৪০ বছর বয়সী ফোর্ড। তাহলে কি হ্যারিসন ফোর্ড, রবার্ট ডি নিরো বা আল পাচিনোর মতো বয়োবৃদ্ধ শিল্পীদের মৃত্যুর পর তাঁদের বিনির্মাণ করবে এআই?
এ তো গেল তারকাদের কথা, যাঁরা একেকটি চরিত্রে অভিনয়ের জন্য মিলিয়ন ডলার কামাই করেন। একটি চলচ্চিত্রে এসব তারকাশিল্পী ছাড়াও থাকেন চরিত্রাভিনেতা ও প্রেক্ষাপটের শিল্পী, আমরা যাঁদের ‘এক্সট্রা’ হিসেবে চিনি। এসব অভিনেতাকে রীতিমতো নিশ্চিহ্ন করে দিতে পারে এআই। ধর্মঘটের আগে অভিনয়শিল্পীদের দুই সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (স্যাগ) ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসকে (আফট্রা) প্রযোজকদের সংগঠন অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি) একটি অদ্ভুত প্রস্তাব দেয়, যা ছিল তাদের ভাষায় ছিল ‘যুগান্তকারী’। প্রস্তাবটি ছিল এমন, ‘ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট’ বা পশ্চাৎপটের শিল্পীদের মুখচ্ছবি তাঁদের অনুমতি নিয়ে ব্যবহার করা হবে।
এ জন্য শিল্পীরা এক দিনের বেতনের সমপরিমাণ টাকা পাবেন। বিনিময়ে কোম্পানি তাঁদের মুখচ্ছবির মালিক হবে এবং এআইয়ের মাধ্যমে যেভাবে ও যতবার খুশি অনন্তকাল ধরে ব্যবহার করতে পারবে। এখানেই শেষ নয়, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এরপর সেই ছবি দিয়ে কী করছে, মূল শিল্পীকে আর তা জানাতে বাধ্য থাকবে না। এই বাস্তবতায় এআই প্রযুক্তির মধ্য দিয়ে নতুন এক বৈষম্যের মুখোমুখি এখন অভিনয়শিল্পীরা।
সব মিলিয়ে বৈষম্যের পাশাপাশি হলিউডের অভিনয়শিল্পীরা এখন অস্তিত্ব সংকটের মুখোমুখি।
ক্যালিফোর্নিয়ায় নেটফ্লিক্সের প্রধান কার্যালয়ের সামনে পিকেটিং করার মধ্য দিয়েই অভিনয়শিল্পীরা তাঁদের ধর্মঘট শুরু করেছেন। এই ধর্মঘট চলতে থাকলে অ্যাভাটার, গ্ল্যাডিয়েটর, ওয়ান্ডার উইম্যান-এর মতো সিনেমার সিকুয়েলের কাজ বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ডেডপুল থ্রি, বিটলজ্যুস-এর মতো সিনেমার কাজও ক্ষতিগ্রস্ত হবে। খোদ নেটফ্লিক্সের মেগা সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এর মুক্তিও পিছিয়ে যেতে পারে এই ধর্মঘটে। এমি অ্যাওয়ার্ডস, কমিক কনের মতো ইভেন্ট এরই মধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে।
‘লোভী সত্তার আগ্রাসনের শিকার’ হয়ে হলিউডের আলোঝলমল রুপালি পর্দা এখন যেন হয়ে উঠেছে এক কালো আয়না। যে আয়নায় আপনি নিজের এবং শতসহস্র জীবনের অবিকল প্রতিফলন দেখছেন।
আর এই আয়না আপনাকেও দেখছে, শিখছে, অনুকরণ করছে; ক্রমে রপ্ত করে নিচ্ছে আপনার কথা বলার ভঙ্গি, মুদ্রাদোষ এবং আপনার গোপন অভ্যাস। এখন সাই-ফাই সিনেমার ভীতিকর সেই পরিস্থিতি যেকোনো সময় হয়ে উঠতে পারে আপনার পরিণতি।
এই পরিণতির বিরুদ্ধেই লড়াইয়ে নেমেছেন অভিনয়শিল্পীরা। এআইয়ের বিরুদ্ধে অভিনয়শিল্পীদের অস্তিত্বের লড়াই কি আদৌ সফল হবে, নাকি নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি হটস্টারের মতো স্ট্রিমিং জায়ান্টদের লোভের জয় হবে—সেই প্রশ্নের জবাব আগামী দিনের ‘ক্লাইম্যাক্সে’ নিশ্চয়ই পাওয়া যাবে।