রবার্ট ডি নিরো অভিনীত নতুন সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’ মুক্তি পাবে ২৬ মে। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে ইটি কানাডার সঙ্গে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন অস্কারজয়ী অভিনেতা। আলোচনার বিষয় পিতৃত্ব। নতুন ছবি, পিতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে ৭৯ বছর বয়সী অভিনেতা দিলেন নতুন খবর—সপ্তমবারের মতো বাবা হয়েছে তিনি!
১৯৭৬ সালে রবার্ট ডি নিরো প্রথম বিয়ে করেন ডায়ানা অ্যাবোটকে। সেই সংসারে এক কন্যা ও এক পুত্রের জন্ম হয়। মেয়ে ড্রেনার বয়স ৫১, ছেলের ৪৬। এরপর আরও পাঁচবার বাবা হয়েছেন অভিনেতা।
‘অ্যাবাউট মাই ফাদার’ নিয়ে ইটি কানাডার সঙ্গে আলোচনার একপর্যায়ে তাঁকে বলা হয়, ‘আপনি তো ছয় সন্তানের বাবা।’ প্রশ্নকর্তাকে শুধরে দিয়ে রবার্ট ডি নিরো তখন বলেন, ‘সাত সন্তানের।’ এভাবেই তাঁর সপ্তমবারের মতো পিতা হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। তবে সদ্যজাত সন্তান নিয়ে আর কিছু জানাননি তিনি।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, বাচ্চাদের পছন্দ করেন তিনি। চারপাশে সব সময় ছেলেমেয়েরা ঘিরে থাকলে সময়টা ভালো কাটে।
২০১৮ সালে দ্বিতীয়বার বিচ্ছেদের পর আর বিয়ে করেননি রবার্ট ডি নিরো। এখন তিনি টিফানি চেনের সঙ্গে প্রেম করছেন বলে খবর। অভিনেতার সপ্তম সন্তানের জন্ম হয়েছে এই টিফানির গর্ভেই। টিফানি চেন পেশায় মার্শাল আর্টস প্রশিক্ষক। ‘দ্য ইন্টার্ন’ সিনেমার সেটে প্রথম দেখা হয় তাঁদের।