জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’-এর চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন ম্যাথিউ পেরি। কানাডার বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক দীর্ঘদিন ধরে হতাশা ও মাদকাসক্তির সঙ্গে লড়ছিলেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত কেটামিন সেবনের কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় মাদক সরবরাহের দায়ে লস অ্যাঞ্জেলেসের জাসভিন সাঙ্গা নামের এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
ম্যাথিউ পেরির মৃত্যুসংক্রান্ত মামলায় গত বছর পাঁচ ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রীয় আদালতে দোষ স্বীকার করেন। তাঁদের একজন জাসভিন সাঙ্গা। মামলার তদন্তে দেখা যায়, সাঙ্গা মাদক কারবারের একটি বড় নেটওয়ার্কের সঙ্গে জড়িত। তিনি ধনী ও হলিউড তারকাদের মাদক সরবরাহ করতেন। পেয়েছিলেন ‘কেটামিন কুইন’ উপাধি।
৪২ বছর বয়সী সাঙ্গা গত সেপ্টেম্বরে পাঁচটি ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করেন। এর মধ্যে একটি ছিল কেটামিন বিতরণ, যা মৃত্যু বা শারীরিক ক্ষতির কারণ হয়েছে।
ব্রিটিশ-আমেরিকান দ্বৈত নাগরিক সাঙ্গা হলিউডের ধনী ও তারকাদের কাছে মাদক সরবরাহ করতেন। তাঁর একটি ‘গোপন ডেরা’ ছিল, যেখানে কোকেন, জ্যানেক্স, নকল অ্যাডারল পিল ও কেটামিন রাখা হতো।
কেটামিনের ৫০টি শিশি সরবরাহ করার পর সাঙ্গার ব্যবসা এবং আনন্দঘন মোহগ্রস্ত জীবন মুহূর্তে শেষ হয়ে যায়। কারণ, তাঁর কেটামিনের চালানটা শেষ পর্যন্ত পৌঁছেছিল জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-এর অভিনেতা ম্যাথিউ পেরির হাতে। অতিরিক্ত কেটামিন সেবনে ২০২৩ সালের অক্টোবরে পেরির মৃত্যুর হয়।
শুনানির সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন সাঙ্গা এবং নিজের ভুল সিদ্ধান্তের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তবে বিচারক বলেন, তিনি দীর্ঘদিন ধরে কোনো অনুশোচনা দেখাননি এবং তাঁকে অবশ্যই তাঁর অপরাধের জবাব দিতে হবে।
ম্যাথিউ পেরির মৃত্যুকে কেন্দ্র করে তদন্তে উঠে আসে একটি বিস্তৃত মাদক চক্রের চিত্র, যেখানে চিকিৎসক ও সহকারীদেরও সম্পৃক্ততা ছিল। ফেডারেল কর্তৃপক্ষের মতে, এই নেটওয়ার্কই পেরিকে অবৈধভাবে কেটামিন সরবরাহ করে তাঁর আসক্তিকে কাজে লাগায়।
মামলার নথি মতে, পেরি শুরুর দিকে হতাশাজনিত সমস্যার চিকিৎসা হিসেবে বৈধ ও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কেটামিন ব্যবহার করতেন। কিন্তু পরে তিনি চিকিৎসকের নির্দেশনার চেয়ে বেশি পরিমাণে কেটামিন সেবন করতে চাইলেন।
ফেডারেল তদন্তসংক্রান্ত আদালতের নথি থেকে জানা যায়, এই পর্যায়ে পেরি একাধিক চিকিৎসক ও পরে একজন মাদক কারবারির সঙ্গে যোগাযোগ করেন। এই কারবারি এক মধ্যস্থতাকারীর মাধ্যমে সাঙ্গার কাছ থেকে মাদক সরবরাহ করতেন।
পেরির পরিবার আদালতে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে। তাঁর সৎমা ডেবি পেরি বলেন, এই ঘটনা তাঁদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে।
মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন চিকিৎসকও রয়েছেন। ইতিমধ্যে দুই চিকিৎসক ও একজন সরবরাহকারী বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন, বাকি দুজনের সাজা এখনো ঘোষণা হয়নি।
বিবিসি অবলম্বনে