যে কারণে ধর্মঘটে হলিউডের লেখকেরা

লেখকদের সঙ্গে আন্দোলনে যোগ দেন অস্কারজয়ী নির্মাতাদ্বয় ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট
রয়টার্স

সর্বশেষ হলিউডে ধর্মঘট হয়েছিল ২০০৭ সালে। বেতন ও অন্যান্য ইস্যু নিয়ে ১০০ দিন পর্যন্ত চলা সেই ধর্মঘটের ফলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে ২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছিল। ১৫ বছর পর আবারও ধর্মঘটের মুখে হলিউড। গত মঙ্গলবার থেকে হলিউডের ১১ হাজারের বেশি টিভি ও চলচ্চিত্র লেখকের সমর্থনে শুরু হয়েছে এই ধর্মঘট। বিবিসির খবর অনুযায়ী, মূলত উচ্চ বেতন ও চাকরির নিরাপত্তার দাবিতে হলিউড লেখকদের এবারের এই ধর্মঘট।

বড় স্টুডিওগুলোর কাছ থেকে বেশি পারিশ্রমিক চেয়ে একটা চুক্তি করতে চেয়েছিল লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ)। সেই চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়াতেই এই ধর্মঘটের ডাক দিয়েছেন লেখকেরা। গত মঙ্গলবার ধর্মঘটের প্রথম দিনে রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যরা নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন স্টুডিওর বাইরে পিকেটিং করেছেন। অনেক জায়গায় জড়ো হয়ে নিজেদের অধিকার আদায়ে স্লোগান দেন তাঁরা।

দ্রুত বেড়ে ওঠা স্ট্রিমিং সার্ভিসের যুগে ন্যায্য পারিশ্রমিকের জন্যই এই ধর্মঘট। স্ট্রিমিং প্ল্যাটফর্মের শোতে কাজ করার সময় লেখকেরা কম বেতন পাওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের উত্থানের ফলে চিত্রনাট্য লেখার ওপর প্রভাব পড়েছে। এআই-এর কারণে লেখকদের চাকরি চলে যাবে না, এমন নিশ্চয়তা চায় রাইটার্স গিল্ড অব আমেরিকা।

রাইটার্স গিল্ড অব আমেরিকার তথ্যমতে, টিভি-সিরিজের লেখকদের অর্ধেকেই এখন ন্যূনতম বেতনে কাজ করেন। তাঁদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোম্পানিগুলো লেখকদের পেছনে ব্যয় কমাতে এখন স্ট্রিমিং সার্ভিসের দিকে ঝুঁকেছে। ফলে তাঁদের জন্য কাজের পরিবেশ আরও খারাপ হয়ে পড়েছে।’

ধর্মঘটের কর্মসূচি হিসেবে গত মঙ্গলবার লেট নাইট টিভি শোগুলো বন্ধ করে দিয়েছেন তাঁরা। এ ছাড়া লেখকদের নতুন চিত্রনাট্যের অভাবে বাতিল করা হয়েছে ‘জিমি কিমেল লাইভ’, ‘দ্য টুনাইট শো’, ‘স্যাটারডে নাইট লাইভ’সহ অন্যান্য অনুষ্ঠানের নতুন পর্ব। এ ছাড়া আগামী মৌসুমে যেসব শো শুরু হওয়ার কথা ছিল, লেখকদের ধর্মঘটের ফলে সেগুলোও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।