মা ও মেয়ের সঙ্গে প্রেমের গল্প নিয়ে ৫১ বছর পর মুখ খুললেন অভিনেতা

‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার একটি দৃশ্যে। ছবি আইএমডিবি
‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার একটি দৃশ্যে। ছবি আইএমডিবি

হলিউডের অন্যতম অভিনেতা ডাস্টিন হফম্যান। তিনি দীর্ঘ অভিনয়জীবনে পেয়েছেন দুটি অস্কারসহ অনেক পুরস্কার। অথচ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হিসেবে পরিচিত ‘দ্য গ্র্যাজুয়েট’। এ সিনেমাটিতে তাঁকে দেখা গিয়েছিল বেঞ্জামিন চরিত্রে।

সিনেমাটির গল্পে এক তরুণ একই সঙ্গে মধ্যবয়সী এক নারী ও তার মেয়ের সঙ্গে প্রেম করত। দুই নারী ছিলেন মা ও মেয়ে। সে সময় সিনেমাটি তুমুল আলোচিত হয়। বাদ যায় না সমালোচনা থেকে। তরুণের চরিত্রেই অভিনয় করেন হফম্যান। সেই চরিত্রটি তাঁকে এনে দেয় অস্কার মনোনয়ন। শুধু তা–ই নয়, সিনেমাটি তাঁর ক্যারিয়ার বদলে দেয়। দীর্ঘ ৫১ বছর পর এই অভিনেতা আত্মজীবনীতে জানালেন, ‘মা মেয়ের সঙ্গে প্রেমের এই সিনেমার গল্পটিতে অভিনয় করা ছিল ভুল সিদ্ধান্ত। চরিত্রে নিজেকে ভুল নির্বাচন মনে হয়েছিল। এটা মিসকাস্ট।’

সহশিল্পীর সঙ্গে ডাস্টিন হফম্যান। ছবি: ফেসবুক থেকে

সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’তে নিজের জীবনের নানা অধ্যায়ের পাশাপাশি ১৯৬৭ সালের এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি বইটি নিয়ে ‘টুডে’ অনুষ্ঠানে আলাপকালে হফম্যান জানান, সিনেমাটির প্রধান চরিত্র বেঞ্জামিন ব্র্যাডকের জন্য নিজেকে উপযুক্ত মনে করেননি তিনি। লেখক চার্লস ওয়েবের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে বেঞ্জামিনকে ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার, পড়াশোনায় ভালো এবং দৌড় প্রতিযোগিতায় পারদর্শী এক তরুণ হিসেবে বর্ণনা করা হয়েছিল। নিজের সঙ্গে চরিত্রটির এই বর্ণনার মিল খুঁজে পাননি হফম্যান।

হফম্যান বলেন, ‘কোনো এক অদ্ভুত কারণে পরিচালক মাইক নিকোলস আমাকে সিনেমাটিতে নিয়েছিলেন।’ শুটিং শেষ হওয়ার পরও যে পরিচালকের মনে সংশয় ছিল, সেটিও স্মরণ করেছেন তিনি। হফম্যানের ভাষ্য অনুযায়ী, কেউ একজন নিকোলসকে বলেছিলেন, প্রধান চরিত্রে ভুল অভিনেতাকে নেওয়া হয়েছে, এটা দুঃখজনক। এ মন্তব্যে মন খারাপ হয়ে গিয়েছিল পরিচালকের। তাঁর আশঙ্কা ছিল, প্রধান চরিত্রে অভিনেতা নির্বাচনের ভুলের কারণে সিনেমাটির গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সিনেমাটির পোস্টার

তবে হফম্যানের মতে, সে সময় হলিউডে নায়ক নির্বাচনের প্রচলিত ধারণায় পরিবর্তন আসছিল। পর্দায় শুধু সুদর্শন অভিনেতাদের দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে চাইছিলেন নির্মাতারা। হফম্যান বলেন, ‘প্রথমবারের মতো তাঁরা পর্দায় সুদর্শন মানুষ চাইছিলেন না। বরং সাধারণ চেহারার, খুঁত আছে এমন বাস্তব মানুষের মতো অভিনেতাদের খুঁজছিলেন তাঁরা। এর কারণ দর্শকেরা যেন পর্দার চরিত্রের সঙ্গে নিজেদের মিল খুঁজে পান।’

কিন্তু মুক্তির পর চিত্র বদলে যায়। ‘দ্য গ্র্যাজুয়েট’ পায় সাতটি অস্কার মনোনয়ন। সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পান হফম্যান, আর সেরা পরিচালকের পুরস্কার জেতেন মাইক নিকোলস। যে চরিত্রের জন্য নিজেকে ভুল নির্বাচন মনে হয়েছিল, সেই চরিত্রই পরে তাঁর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় কাজ হয়ে ওঠে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ডাস্টিন হফম্যানের আত্মজীবনী

এ ছাড়া সাক্ষাৎকারে নিজের সংগ্রামের দিনগুলোর কথাও বলেছেন হফম্যান। নিউইয়র্কে অভিনয়ের শুরুর দিকে অভিনেতা জিন হ্যাকম্যান ও রবার্ট ডুভালের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। তখন তাঁদের কারও হাতেই নিয়মিত কাজ ছিল না। সংসার চালাতে ডুভাল রাতের পালায় ডাকঘরে কাজ করতেন, আর হ্যাকম্যান আসবাবপত্র সরানোর কাজ করতেন। হফম্যান বলেন, ‘আমরা কাজ পাব, এমনটা আশা করতাম না। বিখ্যাত হব, সেটাও ভাবিনি।’

স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’ বইটিতে অভিনয়জীবনের শুরু, সংগ্রাম, খ্যাতি এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা উঠে এসেছে। নিজের জীবনের সবচেয়ে গর্বের বিষয় কী—এমন প্রশ্নে অভিনয়ের সাফল্য বা পুরস্কারের কথা বলেননি হফম্যান। বরং বলেছেন পরিবার ও সন্তানদের কথা। তাঁর কাছে পরিবারের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ‘হ্যাঁ, কারণ এটাই সবচেয়ে বাস্তব।’

হফম্যান ব্যাখ্যা করেন, পরিবার তাঁকে বাস্তব কিছু আঁকড়ে ধরার সুযোগ করে দেয়। তাঁর স্মৃতিকথায় পাঠকেরা তাঁর শুরুর দিনগুলো, সংগ্রাম এবং খ্যাতিমান তারকা হয়ে ওঠার পরের জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারবেন।
ইয়াহুডটকম অবলম্বনে

‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার কয়েকটি দৃশ্যে। ছবি আইএমডিবি