প্রচারের আগেই নেটফ্লিক্স, ডিজনিসহ অন্য ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্বাধীনভাবে কনটেন্ট খতিয়ে দেখতে বলেছে ভারত সরকার
প্রচারের আগেই নেটফ্লিক্স, ডিজনিসহ অন্য ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্বাধীনভাবে কনটেন্ট খতিয়ে দেখতে বলেছে ভারত সরকার

নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনিতে অশ্লীলতা ও সহিংসতা নিয়ে উদ্বিগ্ন ভারত, নিতে যাচ্ছে কড়া পদক্ষেপ

প্রচারের আগেই নেটফ্লিক্স, ডিজনিসহ অন্য ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্বাধীনভাবে কনটেন্ট খতিয়ে দেখতে বলেছে ভারত সরকার। মূলত ওটিটির কনটেন্টে অশ্লীলতা ও সহিংসতা রুখতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভারত সরকারের বিভিন্ন নথি ও সূত্র থেকে পাওয়া খবর নিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

গত ২০ জুন ওটিটি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনায় বসে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ আলোচনায় প্রচারের আগে কনটেন্ট স্বাধীনভাবে খতিয়ে দেখতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে প্রস্তাব দেওয়া হয়। তবে সেদিন কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়েছে বলে জানা গেছে। এ বৈঠকে নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি, রিলায়েন্স, ভায়াকম–১৮ ও অ্যাপল টিভির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বৈঠক নিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

ওই বৈঠকে উপস্থিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মন্ত্রণালয় ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা ও নগ্নতা নিয়ে উদ্বিগ্ন। নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ভারতে বেশ জনপ্রিয়। মিডিয়া পার্টনার এশিয়ার মতে, ২০২৭ সালের মধ্যে এ দুই প্ল্যাটফর্মের বাজার ৭ বিলিয়নে উন্নীত হবে।

ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য সেন্সর সনদের প্রয়োজন হলেও ওটিটির কনটেন্টের জন্য সেটার প্রয়োজন হয় না। ২০ জুনের বৈঠকে তাই একজন প্রস্তাব দেন, ওটিটিতে প্রচারের আগে স্বাধীন কোনো বোর্ড কনটেন্টগুলো দেখবে।

ভারতের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন পরিচিত বলিউড তারকারা কাজ করছেন। সেই কাজ নিয়েও কম সমালোচনা হয়নি। আইনি ঝামেলাতেও জড়াতে হয়েছে সাইফ আলী খান, একতা কাপুরদের।

গত শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সিরিজ ‘দ্য ট্রায়াল’–এর পোস্টার

বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, যেকোনো ওটিটি কনটেন্টের শুরুতে ৫০ সেকেন্ডের তামাক–সংক্রান্ত সতর্কীকরণ বার্তা থাকবে, যেমনটি সিনেমা হলে চালানো হয়। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এ প্রস্তাবে রাজি হয়নি।

গত মার্চ মাসে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ওটিটি প্ল্যাটফর্মে সৃজনশীলতার নামে অশ্লীল ভাষা সহ্য করা হবে না।

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো জানিয়েছে, অ্যাপ যেন মা–বাবা নিয়ন্ত্রণ করতে পারেন, সে বিষয়ে আরও বেশি জোর দেবে তারা, পাশাপাশি আন্তর্জাতিক কনটেন্ট যোগ করার সময় আরও বেশি সতর্ক থাকবে। প্ল্যাটফর্মগুলোর আশঙ্কা, সরকারের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।